২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ হুমকির মুখে ইরান

তেহরান পারমানবিক বোমা তৈরী করতে চায় বলে আন্তর্জাতিক পর্যায়ে যে গুজব চলছিল, ইরান তা খন্ডন করতে পারে নাই বলে জাতিসংঘের পারমানবিক পর্যবেক্ষক এজেন্সীর করা এক রিপোর্টে পেশ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 12:50 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ফলে নিরাপত্তা পরিষদের তেহরানের ব্যাপারে চুক্তি নিয়ে বিবেচনা করার পথ পরিষ্কার হয়ে গেছে। যার ফলে, অবরোধ হুমকির মুখে রয়ে গেল ইরান ।

কিন্তু, নিরাপত্তা পরিষদের কুটনীতিকরা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জেভিয়ার সোলানা এবং ইরানের পারমানবিক বিষয়ক উচ্চপদস্থ আলোচক আলি লারিজানির মধ্যে আলোচনা না হওয়া পর্যন্ত এ বিষয়ে তারা আলোচনায় বসবেন না। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এর পরই জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন বোলটন ফরাসী, ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতদের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো আশংকা করছে যে আনবিক বোমা তৈরীর জন্য তেহরান বেসামরিক পারমানবিক শক্তি কর্মসূচি হাতে নিয়েছে।

অন্যদিকে ইরান বলেছে পারমানবিক শক্তি কর্মসূচির মাধ্যমে তারা শুধু বিদ্যুৎ উৎপাদন করতে চায়।

এদিকে বোমা ও পারমানবিক শক্তি প্ল্যান্টে জ্ব¡ালানী হিসেবে ব্যবহারের জন্য ইরান পারমানবিক উপকরন সমৃদ্ধকরনের যে কর্মসূচি হাতে নিয়েছে তা বন্ধের দাবি জানিয়েছে নিরাপত্তা পরিষদ ও ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক আনবিক শক্তি এজেন্সি (আইএইএ)।

আইএইএ একটি রিপোর্টে জানিয়েছে যে গত সপ্তাহে ইরান পাওয়ার প্ল্যান্টের জ্বালানী হিসেবে উপযোগী স্বল্প মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরনের কাজ বন্ধ করেছে। তারা আরও বলেছে যে সমৃদ্ধকরনের সাথে যুক্ত অন্যান্য কাজ ইরান বন্ধ করেনি।

জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং গুয়াগিয়া বলেন যে সময়সীমা পার হবার পরেও আমাদের আলোচনা করা উচিত।

সোলানা বলেছেন যে লারিজানির সাথে তার আলোচনা হয়েছে এবং তিনি আবারও সাক্ষাতের আয়োজন করার জন্য চেষ্টা চালাচ্ছেন।

ওয়াশিংটন জানিয়েছে যে ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানী, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র আগামী বুধবারে বার্লিনে এ বিষয়ে আলোচনায় বসবে।