২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ায় বন্যায় ১৯১ জনের মৃত্যু, কয়েক হাজার মানুষ ঘর ছাড়া

ইথিওপিয়ার পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে ১৯১ জন মানুষ নিহত হয়েছে। পুলিশ জানায়, প্রবল বর্ষণে নদীর পানি বৃদ্ধি পেলে ঘুমন্ত অবস্থায় বহু মানুষ ভেসে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 11:18 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

দিরে দাওয়া অঞ্চলের পুলিশ কমিশনার গেটাচু আসরেস বলেন, “দিরে দাওয়ায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় বহু মানুষ মারা গেছে। ৩৯ জন শিশু মারা গেছে যাদের সকলের বয়স সাত বছরের নিচে।

দিরে দাওয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে উভয় পাড় ভাঙ্গা অব্যাহত থাকার কারণে কয়েক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।

ইথিওপিয়ার নিরাপত্তা বাহিনী, স্বেচ্ছাসেবী কর্মী ও অধিবাসীরা জানায়, শহরের কয়েক হাজার নাগরিককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অ্যাদিস খাতামা, গেনফেলে, কোকা কোলা ও আফতেসা এলাকার বহু মানুষ এখনও নিখোজ রয়েছে।

প্রাকতিক দুর্যোগ ও পুর্নবাসন কর্মকর্তা জানান, তাদের কাছে কমপক্ষে ২, ০০০ জন বন্যা দুর্গত মানুষের জন্য খাদ্য রয়েছে।

এদিকে ইতোমধ্যেই স্থানীয় রেডক্রসও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বন্যা দুর্গত ইথিওপিয়ানদের প্রতি।

বন্যার পানিতে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়া লোকেরা নিজেদের পরিবারের সদস্যদের জীবিত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করে জানান, বন্যা আঘাত হানার সময় নিখোঁজ ব্যক্তিরা উচু স্থানে উঠে থাকতে পারে।

বন্যার কারণে কমপক্ষে ১০০ বাড়ি, বাজার ও দোকান ধ্বংস হয়ে যায়। ভেসে যায় গবাদিপশু ও যানবাহন। 

ইথিওপিয়ার সোমালি রাজ্যে গত বছরও বন্যায় ২০০ জন মানুষ প্রাণ হারায় এবং বাড়ি-ঘর হারা হয় কমপক্ষে ২৬০, ০০০ মানুষ।