২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি প্রতিষ্ঠা চেষ্টায় পুনরায় মধ্যপ্রাচ্য সফরে যাবেন রাইস

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস লেবাননে ইসরাইলী সেনাবাহিনী এবং হিজবুল্লাহ গেরিলাদের মধ্যে চলা ভয়াবহ লড়াই বন্ধে জাতিসংঘের একটি পরিকল্পিত প্রস্তাব নিয়ে আলোচনার লক্ষ্যে শনিবার পুনরায় মধ্যপ্রাচ্য সফরে আসতে পারেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2006, 11:25 AM

Updated : 26 Apr 2022, 03:50 PM

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে আসা রাইস এক সংবাদ সম্মেলনে বক্তব্যে লেবাননে ইসরাইলী আগ্রাসন ও সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়ার আশা প্রকাশ করেছেন।

তবে প্রেসিডেন্ট বুশের অভিমতের প্রতিধ্বনি করে তিনি বলেন, ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির পূর্বে লেবাননে ইসরাইলী হামলার মূল কারণ অনুসন্ধান এবং তার সমাধানে এগিয়ে আসতে হবে।

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে তিনি লেবাননকে বন্দী বিনিময়ের আওতায় অপহৃত দুই ইসরাইলী সৈন্যের মুক্তি দিতে হবে বলে জানান। এছাড়া, লেবানন-ইসরাইল সীমান্তে বহুজাতিক বাহিনীর মোতায়েন মেনে নেয়াসহ হিজবুল্লাহ গেরিলাদের নিরস্ত্রীকরণে লেবানন সম্মত হলেই ইসরাইলের সাথে লেবাননের যুদ্ধবিরতি সম্ভব বলে তিনি মনে করেন।

দ্বিতীয় বারের মতো এই মধ্যপ্রাচ্য সফরে রাইস প্রথমে ইসরাইল সফর করবেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন প্রয়োজনে যে কোনো স্থানে তিনি ভ্রমণ করতে পারবেন।

মার্কিন কর্মকর্তারা ইসরাইল এবং লেবাননকে শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে এবং যুদ্ধ বিরতি চুক্তিতে সম্মত করতে এখনো রাইসকে অনেক কাজ সমাধা করতে হবে বলে জানান।

রাইস এই সফরে ইসরাইলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট এবং পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সাথে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এদিকে ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মধ্যে লেবানন সংকট উত্তরণে আলোচনার পর বুশ অবিলম্বে দক্ষিণ লেবাননে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ করে সেখানে জরুরী ত্রাণ সামগ্রীর নিরাপদ অবতরণে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা জানিয়েছেন।

জাতিসংঘের এই প্রস্তাব সম্পর্কে বুশ বলেন, ‘আমরা আগামী সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যের সহিংসতা নিরসনে  রাইসের লেবানন এবং ইসরাইলের সাথে আলোচনার অগ্রগতির লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গ্রহণযোগ্য এই প্রস্তাবটি উত্থাপন করবো।’

বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বুশের সাথে সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে লেবাননে রাজনৈতিক অচলাবস্থা নিরসন এবং মানবিক বিপর্যয় রোধে অবিলম্বে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন করা প্রয়োজন বলে জানান।

এদিকে শুক্রবার দক্ষিণ লেবাননের বিন জেবিল শহরে ইসরাইলী বাহিনীর সাথে হিজবুল্লাহ গেরিলাদের লড়াইয়ে ২৬ জন গেরিলা নিহত হয়েছে বলে দাবী করেছে ইসরাইল। ইসরাইল ১২ জুলাই লেবানন আক্রমণের পর থেকে এ পর্যন্ত ২০০র অধিক হিজবুল্লাহ গেরিলা নিহত হয়েছে বলে জানিয়েছে। তবে হিজবুল্লাহ গেরিলারা যুদ্ধে তাদের ৩১ জন গেরিলা নিহত হওয়ার কথা উল্লেখ করেছে।

দক্ষিণ লেবাননের পোর্ট টায়ারের নিকটস্থ গ্রামগুলোতে এবং সীমান্তে শুক্রবার ইসরাইলী যুদ্ধবিমান এবং শত শত সাজোঁয়া যানের মূর্হুমূহু হামলায় একজন জর্ডানী নাগরিকসহ ১৩ জন নিহত হয়েছে।

লেবানীজ নিরাপত্তা বাহিনী পূর্ব লেবাননের বেক্কা উপত্যকায় ইসরাইলের প্রচন্ড বিমান হামলায় চারজন লেবানীজ নিহত হয়েছে বলে জানিয়েছে।

হিজবুল্লাহ গেরিলারা লেবানন সীমান্ত থেকে ৫০ কিমি দূরে ইসরাইলের ভেতরে আফুলা শহরে খাইবার-১ নামের দূরপাল্লার ক্ষেপনাস্ত্র নিক্ষেপসহ বেশকিছু রকেট হামলা চালিয়েছে। এই হামলায় ১৩ জন ইসরাইলী আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলী পুলিশ সূত্র।

হিজবুল্লাহ নেতা সায়ীদ হাসান নাসরাল্লাহ কিছুদিন আগে ইসরাইলের হাইফা বন্দর পর্যন্ত রকেট হামলা চালাতে তারা সক্ষম বলে জানিয়েছিলেন।

এদিকে, উত্তর ইসরাইলের নাহারিয়া শহরের একটি ক্লিনিকে হিজবুল্লাহ গেরিলারা রকেট হামলা চালিয়েছে। তবে এ হামলায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরাইলী সংবাদ মাধ্যমগুলো।