মিস লেবানন ও মিস ইসরাইলের মধ্যে নিবিড় বন্ধুত্ব
ইসরাইল ও লেবাননের মধ্যেকার রক্তক্ষয়ী সংঘর্ষে যখন বিশ্ববাসী চিন্তিত হয়ে পড়েছে ঠিক তখনই মিস লেবানন ও মিস ইসরাইলের মধ্যে গড়ে উঠেছে নিবিড় বন্ধুত্ব।
ইসরাইলি সুন্দরী আনাস্তাসিয়া এন্টিন এবং লেবাননি সুন্দরী গাবরিয়েল বোউ রাচেড এর মধ্যে এ বন্ধুত্ব গড়ে উঠেছে লস এঞ্জেলসে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০০৬ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মিস জার্মানি নাতালিয়া আকারম্যান বলেন যে মধ্যপ্রাচ্যের এ সহিংসতার সাথে যারা জড়িত তাদের উচিত মিস লেবানন ও মিস ইসরাইলের কাছে থেকে কিছু শিক্ষা গ্রহণ করা।
রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮৬ দেশের প্রতিযোগীরা লস এঞ্জেলসের একটি হোটেলে একমাস ধরে একইসাথে বসবাস করছে। এখানে থাকা অবস্থাতেই ভৌগোলিক নৈকট্য এবং অভিন্ন ভাষার কারনে এ দুই সুন্দরীর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
লেবানন ও ইসরাইলে যাই হোক না কেন দুই দেশের এ দুই প্রতিনিধি সবসময় একসাথে থাকেন এমনকি লস এঞ্জেলসের হোটেলে রাচেডের উপস্থিতি নিয়ে ১০ জন লেবাননি মুসলিম প্রতিবাদ করা সত্ত্বেও।
তবে তাদের এ প্রতিবাদ কোন প্রভাব ফেলেনি এবং আয়োজকরা এ বিষয়ে কোন কথাও বলেননি।
মিস কানাডা আলিস পানিকিয়ান জানান যে মিস লেবানন এবং মিস ইসরাইল এর এ বন্ধুত্ব উদাহরন হিসেবে বিবেচিত হতে পারে।
তুরস্ক ও গ্রীস এ দেশ দুটির মধ্যে মিল না থাকলেও মিস তুর্কি ও মিস গ্রীসের মধ্যে একই ঘটনা ঘটেছে বলেও তিনি জানান।
