২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের পদাতিক বাহিনী লেবাননে ঢুকে পড়েছে, ১ম লিড

লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় বুধবার ৪০ জনেরও বেশি লেবাননি নাগরিক নিহত হয়েছে। ইসরায়েলি সেনাসূত্র জানায়, তাদের পদাতিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে লেবাননে ঢুকে পড়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এদিকে হিজবুল্লাহ গেরিলাদের দাবি, তারা উপকূলীয় নাকুরা শহর থেকে ইসরায়েলি বাহিনীর হামলার জবাব দিচ্ছে। উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে জানা গেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ও টেলিভিশন চ্যানেলগুলো লেবাননে ইসরায়েলি আগ্রাসনের খবর প্রকাশ করলেও কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাতে পারেননি।

আগের দিন লেবাবনের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইসরায়েল অতিরিক্ত সেনা পাঠালে নুতুন হামলার ইঙ্গিত পাওয়া যায়। যদিও জাতিসংঘে ইসরায়েলি দূত ড্যান গিলারম্যান বুধবারের এ অভিযানকে আগ্রাসী কোনো অভিযান নয় বলে দাবি করেন।

তিনি বলেন, এখন যা ঘটছে, তা হল ইসরায়েলি পদাতিক সেনারা লেবানন অভ্যন্তরে সীমান্তে খুব কাছাকাছি অবস্থান করছে। তারা হিজবুল্লাহ গেরিলাদের কয়েকটি ঘাঁটি ধ্বংস করার চেষ্টা করছে।

তিনি বলেন, লেবাননে আগ্রাসন চালানোর বা দখলদারিত্বের কোনও সুযোগ নেই।

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় সারিফা গ্রামে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১০জনসহ ১২জন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, সেখানে কমপক্ষে ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

লেবাননের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ গেরিলাদের মধ্যে ব্যাপক সহিংসতা হয়েছে। এতে ইসরায়েলি সেনারাও হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।  

সপ্তাহ খানেক আগে সীমান্তে একটি অভিযানের সময় হিজবুল্লাহ গেরিলারা তিন ইসরায়েলি সেনাকে অপহরণ করলে ইসরায়েল লেবাননে হামলা শুরু করে।

ওই সময় থেকে এ পর্যন্ত অধিকাংশ বেসামরিক নাগরিকসহ প্রায় তিনশ’ জন লেবাননি নাগরিক নিহত হয়। এছাড়া পাঁচ লাখ নীরিহ লেবাননি নাগরিক গৃহহীন হয়ে পড়ে।

অন্যদিকে, হিজবুল্লাহ গেরিলাদের রকেট হামলায় ১৩ বেসামরিক নাগরিকসহ ২৫জন ইসরায়েলি নাগরিক নিহত হয়।     

কয়েকশ’ মার্কিন ও ইউরোপীয় নাগরিক লেবানন ছেড়ে চলে গেছে এবং আরও বহু বিদেশি নাগরিক দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন নাগরিকদের অভিযোগ, তাদের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকা খুবই ধীর গতির। এ ব্যাপারে কংগ্রেসে বিতর্ক হওয়ার পর স্টেট ডিপার্টমেন্ট সেদেশ থেকে আমেরিকানদের ফিরিয়ে আনতে অর্থ প্রদানে সম্মত হয়েছে।