ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা ৩০০, নিখোঁজ ১৪০
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আবারো প্রলয়ঙ্করী সুনামির আঘাতে নিহতের সংখ্যা ৩০০ জনে উন্নীত হয়েছে। দেশটির ত্রাণ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা প্যানগানদারানে এখনো ১৪০জন লোক নিখোঁজ রয়েছে।
সুনামির ফলে সমুদ্রতলদেশে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এবং তা সোমবার বিকেলে প্যানগানদারানে আঘাত হানে। সমুদ্রতলে ভূমিকম্পের ফলে দুই মিটার উঁচু বিশাল ঢেউ এসে আছড়ে পড়ে। মঙ্গলবার ভোরে নতুন করে আরো একটি সুনামি আঘাত হানতে পারে এ গুজব ছড়িয়ে পড়ায় লোকজন প্রাণভয়ে দিশেহারা হয়ে ছোটাছুটি শুরু করে। তবে সরকারি কর্মকর্তা ও আবহাওয়া বিভাগ জানিয়েছে, নতুন করে সুনামির সম্ভাবনা আপাতত নেই।
নিখোঁজদের উদ্ধারে সুনামি কবলিত এলাকায় ইন্দোনেশীয় সেনা ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে।
সুনামির ফলে কয়েক হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। তাদের সাহায্যের জন্য বডি ব্যাগ, তাঁবু, খাদ্যসহ অন্যান্য ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র ইতোমধ্যে ওই এলাকায় পৌঁছাতে শুরু করেছে।
উদ্ধারকারীরা প্রথমে গাছের ডাল, হোটেল ও ধ্বংস¯তূপের মধ্যে আটকে থাকা লাশগুলো উদ্ধারের প্রয়াস চালাচ্ছেন।
সুনামির ভয়াল থাবা থেকে রেহাই পাওয়া একজন স্থানীয় রেডিওকে বলেন, আচমকা বিশাল ঢেউ ছুটে আসছে দেখে আমরা পাহাড়ের দিকে ছুটে যাই।
তিনি বলেন, ঢেউয়ের আঘাতে ছোট ছোট অনেক হোটেল একেবারে ধ্বংস হয়ে গেছে। নৌকাগুলো ঢেউয়ের আঘাতে ছিটকে ঢুকে গেছে হোটেলগুলোর ভেতরে।
