ইন্দোনেশিয়ার জাভায় ফের আঘাত হেনেছে সুনামি, নিহত ৪৭, ভেসে গেছে শত শত ঘরবাড়ি
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সুনামি ফের আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ২৪ মিনিটে সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামির আঘাতে কমপক্ষে ৪৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় একাধিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ সংস্থা এ তথ্য জানায়।
জাভার জনপ্রিয় সি বিচ রিসোর্টের বেশকিছু হোটেল, রেস্টুরেন্ট ও ঘরবাড়ি প্রায় ছয় ফুট উঁচু ও ১১০ মাইল বেগের জলোচ্ছাসে সম্পূর্ণ ভেসে যায়। এতে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুমিকম্পের পরপরই লোকজন ‘সুনামি, সুনাামি’ বলে চিৎকার করতে করতে উঁচু গাছে চড়তে থাকে। একদল মসজিদে ঢুকে পড়ে প্রার্থনার জন্যে।
এল সিন্টা রেডিও স্টেশন টেটি নামের এক মহিলার বরাত দিয়ে জানায়, তিনি দেখেছেন পশ্চিম জাভার পাংগানদারান সমুদ্র সৈকতের আতঙ্কগ্রস্ত লোকজন জলোচ্ছাস থেকে বাঁচতে পাহাড়ের দিকে ছুটে যাচ্ছে। তিনি জানান, সমুদ্র সৈকতসহ আশপাশের সব বাড়িঘরই ভেসে গেছে। ছোট ছোট হোটেলগুলো সস্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং যুধোযনো এক সংবাদ সম্মেলনে বলেন, ভারত মহাসগরের গভীর তলদেশে সৃষ্ট ভূমিকম্প পরবর্তীতে সুনামিতে রূপ নিয়ে জাভার পশ্চিম উপকূলে আঘাত হানে।
ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক দুই রিখটার স্কেল। ভারত মহাসাগরের ৩০ মাইল এবং দক্ষিণ—পশ্চিম জাভার ১৫০ মাইল পর্যন্ত এর বি¯তৃতি ছিল। ভূমিকম্পের ফলে রাজধানী জাকার্তার উঁচু ভবনগুলোও কেঁপে উঠে।
পরিবহনমন্ত্রী হাত্তা রাদজাসা বলেন, তিনি সমুদ্র উপকুলে সুনামির আঘাতের কথা জানতে পেরেই সমুদ্র তীরবর্তী রিসোর্ট থেকে সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছেন।
এর আগে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে কমপক্ষে দুই লাখ ১৬ হাজার মানুষ প্রাণ হারায়। এর অধিকাংশই ছিলো ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের বাসিন্দা।
