২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের হাইফা শহরে হিজবুল্লাহ’র রকেট হামলা

ইসরাইলের হাইফা শহরে রোববার লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের রকেট হামলায় কমপক্ষে ৮ জন ইসরায়েলি নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 04:05 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এদিকে টানা পঞ্চম দিনের মতো ইসরায়েলি বিমান ও নৌ হামলার শিকার হয়েছে লেবানন। ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে অবস্থিত হিজবুল্লাহ’র আল মানার টিভি চ্যানেল এবং একটি পাওয়ার স্টেশনে হামলা চালায়।

বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ গেরিলারা এসময়ে হাইফা শহরে কমপক্ষে ৬টি রকেট হামলা চালায়। এতে শহরের রেলস্টেশনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের সাথে সহিংসতা শুরুর পর হাইফা শহরে লেবাননের এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা লেবাননের উপর ইসরায়েলি হামলা বন্ধ করার জন্য জাতিসংঘের কাছে আবেদন জানালেও নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে যুদ্ধ বন্ধের জন্য রাজি করাতে ব্যর্থ হয়েছে। লেবাননের কূটনীতিকরা এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক ডি লা সাবলিয়ার জানান, শনিবারের রুদ্ধদ্বার বৈঠকের পরও যুদ্ধবিরতির জন্য কোন চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়নি।

লেবাননের প্রতিনিধি নুহাদ মাহমুদ জানান, লেবাননের উপর ইসরায়েলি হামলা বন্ধ না করার সিদ্ধান্তটি খুবই দুঃখজনক। শুধুমাত্র লেবাননের জনগনই নয় বরং গোটা আরব জাতিই ব্যাপারটি ইতিবাচকভাবে গ্রহণ করেনি।