২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের ১০ বেসামরিক নাগরিক নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত অঞ্চলে শনিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত চারদিন ধরে উপুর্যপরি হামলার মুখে বেসামরিক নাগরিকরা ওই অঞ্চল ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ইসরাযেলি বিমান হামলায় এরা নিহত হন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এ ঘটনায় বহু লোক আহত হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট বলেছেন, আটক দু’ ইসরায়েলি সেনাকে মুক্তি না দেওয়া পর্যন্ত হামলা চলবে।

শনিবার দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এবং সিরিয়ার সাথে সংযোগকারী একটি সড়কেও হামলা চালায় ইসরায়েলিরা। এর আগে হিজবুল্লাহ’র আল মানার টেলিভিশন জানায়, সিরিয়ার সীমান্তবর্তী হারমেলে ইসরায়েলি হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গাজায় অপর এক ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। জানা গেছে, গেরিলারা একটি বাড়িতে বসে রকেট প্রস্তুত করার সময় ইসরায়েল এ হামলা চালায়। হিজবুল্লাহ গেরিলারা গত বুধবার দুই ইসরাইয়েলি সেনাকে আটক করার পর থেকে ইসরাইয়েলি বিমান হামলা শুরু হয়। গত চার দিনের এ হামলায় ৬০ জনেরও বেশী লোক নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

এদিকে হিজবুল্লাহ গেরিলারাও ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে। শনিবার তারা লেবানন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দুরে তিবেরিয়াস শহরে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করে। 

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনায় বিশ্ব নেতৃবৃন্দের উদ্বেগ অব্যাহত রয়েছে। কায়রোর আরব লীগ সদর দপ্তরে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ফৌজি শালুখ বলেন, ইসরায়েলি হামলার ঘটনা পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ জব্লিউ বুশ সেন্ট পিটার্সবার্গে জি--৮ এর বৈঠকে বলেছেন, লেবাননে হামলার ঘটনার নিষ্পত্তি করার আগে আমাদের জানতে হবে ঘটনার শুরু কোথা থেকে হয়েছে। লেবাননই প্রথম ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে এবং দুই ইসরায়েলিকে আটক করেছে। 

রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন ইসরায়েলি হামলার সমালোচনা করলেও প্রায় একই সুরে বলেছেন, হিজবুল্লাহ গেরিলারা অপহরণ ও একটি স্বাধীন রাষ্ট্রের ওপর হামলা চালিয়ে তাদের উদ্দেশ্য সাধন করতে চেয়েছিল এটাও মানা যায় না।

প্রেসিডেন্ট বুশ সংঘর্ষের অবসানে হিজবুল্লাহকে চাপ দিতে সিরিয়ার প্রতি আহ্বান জানালেও সিরিয়া বলেছে, তারা ইসরায়েলি হামলার বিরুদ্ধে হিজবুল্লাহ ও লেবাননকেই সমর্থন দেবে। পরিস্থিতির ক্রমাবনতিতে বৈরুত থেকে বহু বিদেশী নাগরিক লেবানন ত্যাগ করতে শুরু করেছেন।