২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে এক হাজারেরও বেশি মহিলা কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ সেদেশের প্রায় এক হাজারেরও বেশি মহিলা কারাবন্দীকে জামিনে মুক্তি দিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 11:03 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নারীদের প্রতি ন্যয়বিচারের অংশ হিসেবে কেবলমাত্র হত্যা এবং সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছাড়া প্রায় ১৩০০ জন মহিলাকে মুক্তি দেওয়া হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

পাশাপাশি নারী-পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টিকারী হিসেবে সমালোচিত ’হুদুদ অধ্যাদেশ’ নামক ইসলামিক আইন সংশোধনেরও আহ্বান জানিয়েছেন তিনি। অধ্যাদেশটি ১৯৮০ সালে সামরিক শাসক জেনারেল মোহাম্মদ জিয়া-উল-হক জারি করেছিলেন।

আইনটি এমন যে যদি কোন মহিলা তাকে ধর্ষণের অভিযোগ করেন তাহলে তিনি যে ধর্ষিত হয়েছেন তা প্রমাণ করতে হবে। এতে ব্যর্থ হলে তাকেই ব্যাভিচারের দায়ে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে।

এ আইনের সমালোচকরা দীর্ঘদিন ধরে আইনটি সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন।

একটি ইসলামিক কাউন্সিলকে এ আইনটি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন মোশাররফ।

সেদেশের এক মন্ত্রী এ আইনটিকে মনুষ্য সৃষ্ট বলে আখ্যায়িত করলেও কিছু ধর্মীয় দল এবং পন্ডিত ব্যক্তিরা বলেছেন যে পবিত্র কোরআনের আলোকেই আইনটি করা হয়েছে এবং তাই আইনটি কখনই বাতিল হতে পারে না।

পাকিস্তানি সরকার মুক্তিপ্রাপ্ত মহিলাদেরকে প্রয়েজনে আইনী সহায়তা এবং আশ্রয় দেবে বলে জানিয়েছে।