২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরের শরণার্থীদের খাদ্য সরবরাহ কমিয়ে দিতে পারে জাতিসংঘ

সহিংসতার কারনে পূর্ব তিমুর থেকে পালিয়ে যাওয়া হাজার হাজার শরণার্থীদের জন্য সরবরাহকৃত খাবারের পরিমাণ আগামী দুই সপ্তাহের মধ্যে কমিয়ে দেয়া হবে। জাতিসংঘ শনিবার একথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 09:50 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

শুক্রবার থেকে এসব এলাকায় রেশনের পরিমাণ কমতে শুরু করায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলেও জাতিসংঘ আশংকা করছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)’র হিসেব অনুযায়ী প্রায় এক লাখ চল্লিশ হাজার এরও বেশি মানুষ সপ্তাহব্যাপী এ সহিংসতার কারনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে তাদের সাহায্যের জন্য ৫ দশমিক ২ মিলিয়ন ডলারের আবেদন করা হলেও তিন মিলিয়ন ডলারের ব্যবস্থা করা হয়েছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। 

ডব্লিউএফপি’র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্যান্য দাতা গোষ্ঠী যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তাহলে দেশটিতে ব্যাপক অপুষ্টি দেখা দেওয়ার আশংকা রয়েছে।

পূর্ব তিমুরে নিযুক্ত ডব্লিউএফপি’র কানট্রি ডিরেক্টর তারেক এলগুয়িন্ডি জানান, সাহায্য তহবিলের পরিমাণ কম হওয়ায় এ সমস্যাটা দেখা দিয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও জাতিসংঘ এ ব্যাপারে সাহায্য করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে কিছু কিছু এলাকায় সরবরাহ কম থাকায় চালের দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রধানমন্ত্রী মেরি আলকাতিরির পদত্যাগ নিয়ে এপ্রিলের শেষের দিকে বিভিন্ন দলের মধ্যে সহিংসতা দেখা দেওয়ায় জনগণ পালিয়ে যেতে শুরু করে এবং রাজধানী দিলির প্রায় ৬৬টি শিবিরে আশ্রয় নেয়।

সপ্তাহব্যাপী সহিংসতায় বাড়িঘর পুড়িয়ে দেওয়া, লুটপাট এবং কমপক্ষে ২১ জন ব্যক্তি নিহত হওয়ায় জনগণের মধ্যে নিজ বাড়িতে ফিরে যাওয়ার ব্যাপারে আতঙ্ক বিরাজ করছে বলেও জানিয়েছে ডব্লিউএফপি।