২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমা শক্তি ইরানকে নতুন পরমাণু প্রস্তাব বিবেচনা করতে এক সপ্তাহ সময় দিয়েছে

ইরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধে পরিস্কার সিদ্ধান্ত জানাতে বিশ্বের শক্তিশালী দেশসমূহ ইরানকে আরও এক সপ্তাহ সময় দিয়েছে । এই সময়ের মধ্যে ইরান তার সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হলে তাদের উপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে পশ্চিমা শক্তিগুলো।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 12:25 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

জি-৮ এর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ইউরোপীয় পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জ্যাভিয়ার সোলানা ও ইরানের পরমাণু বিষয়ক সমন্বয়কারী আলী লারিজানি আগামী বুধবার এই পরিকল্পনা বিষয়ে এক আলোচনায় বসবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিবৃন্দ বলেন, এই প্রস্তাবের প্রেক্ষিতে ইরানের সিদ্ধান্তকে মূল্যায়নের জন্য ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী ১২ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে মিলিত হবেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্র ও জার্মানী ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধের লক্ষ্যে এই প্রস্তাব দেয়।

বিদ্যুৎ এবং জ্বালানী সঠিকভাবে বিতরণের লক্ষ্যে পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে ইরানের পক্ষ থেকে বলা হয়। তবে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ধারণা করছে ইরান তার সামরিক প্রকল্পের বিষয়গুলোকে আড়াল করছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারজি লাভরোভ বলেন, জি-৮ সদস্যভূক্ত দেশসমূহ- বৃটেন, কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালি, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে একমত পোষণ করে। তিনি আরো বলেন, ইরান এই প্রস্তাব মেনে না নিলে ইরানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে সেসম্পর্কে এখোনো কোনো  সিদ্ধান্ত নেওয়া না হলেও আমরা আশা করি ইরান এই প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দেবে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ ডোস্ট-ব্লাজি বলেন, ইরান এই আন্তর্জাতিক প্রস্তাব মেনে নিলে আমাদের সাথে আলোচনায় অংশ নিতে পারবে। তিনি আরো বলেন, ইরান যদি নেতিবাচক সাড়া দেয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় একত্রিত হয়ে নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর একজন মূখপাত্র ইরানকে যত দ্রুত সম্ভব এই প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

চীন ও রাশিয়ার সাথে ইরানের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক থাকায় ইরানের পরমাণু সমৃদ্ধকরণ বিষয়ে পশ্চিমা বিশ্বের চেয়ে চীন ও রাশিয়া অনেক বেশী সহানুভূতিশীল।

রাশিয়া ইরানের বুশেহরে প্রথম পরমাণু শক্তি কেন্দ্র  স্থাপন করতে গেলে যুক্তরাষ্ট্রের চাপের মুখে তা বন্ধ করতে বাধ্য হয়।