ভারত-পাকিস্তান বন্দী বিনিময় প্রক্রিয়া শুরু
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সেদেশের কারাগারে ৪৩২ জন জেলেসহ মোট ৫৪৮ জন ভারতীয় বন্দী রয়েছে বলে জানিয়েছেন।
তাসনিম আসলাম নামের এই মুখপাত্র ভারতের জেল থেকে শ্রীঘ্রই ৪৯৩ জন পাকিস্তানী বন্দীকে মুক্তি দেয়া হবে বলে জানান।
পাকিস্তানের কারাগারে বন্দী ২৪০ জন ভারতীয় জেলে দেশে প্রত্যাবর্তনে ভারতীয় দূতাবাসের সাহায্য সহযোগিতা লাভ করলেও ১৯২ জন এখনও এই বিশেষ সাহায্য সহযোগিতা লাভের অপেক্ষায় রয়েছে বলে জানা যায়।
ভারতীয় কর্মকর্তারা জানান, ৪৩২ জন জেলে ছাড়াও কারাগারে বন্দী যে ১১৬ জন সাধারণ ভারতীয় নাগরিক রয়েছে তাদের মধ্যে ৩৬ জন দেশে প্রত্যাবর্তনের জন্য ভারতীয় দূতাবাসের সাহায্য সহযোগিতা লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসব বন্দীদের মধ্যে অনেকেই রয়েছে যারা মানব পাচারকারী বা চোরাচালানী চক্রের খপ্পরে পরে পাকিস্তানে এসেছিল।
সম্প্রতি পাকিস্তান এবং ভারতের মধ্যে সন্ত্রাসবাদ, বন্দী বিনিময় এবং মাদকদ্রব্য পাচার রোধের ওপর স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর চুক্তি অনুযায়ী এই দেশ দুটি বন্দীদের তালিকা হস্তান্তর করেছে বলে পাকিস্তানের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়।
ভারতের কাছে ৪৯৩ পাকিস্তানী বন্দীর নামের তালিকা পেশ করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আটককৃত এসব বন্দীদের মধ্যে ২১৩ জন শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে এবং বাকী ১৬৯ জন ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
