মাওবাদীদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সন্ত্রাসবাদ বিরোধী আইন প্রত্যাহার করে নিয়েছে নেপাল সরকার
নেপালের অন্তর্বর্তীকালীন সরকার সেদেশে সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় আটক মাওবাদী গেরিলাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে নিয়েছে।
তার পরিবর্তে তারা মাওবাদী নেতাদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বামান প্রাসাদ নিউপেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সন্ত্রাস দমন আইনের আওতায় নতুন করে কাউকে গ্রেফতার করা হবেনা বলে নেপাল সরকার এক সিদ্ধান্তে জানিয়েছে ।
এদিকে মাওবাদীদের মুখপাত্র কৃষ্ণ বাহাদুর মাহারা সন্ত্রাস দমন আইনের আওতায় আটককৃত ৩৫০ জন মাওবাদীকে নেপাল সরকার মুক্তি দেবে বলে জানিয়েছেন।
নেপালের সরকার এবং মাওবাদী গেরিলাদের শীর্ষস্থানীয় নেতারা ‘হিমালয়ের কন্যা’ নামে খ্যাত এই দেশটির ২ কোটি ৭০ লাখ মানুষের জন্য একটি নতুন সংবিধান তৈরীতে গণপরিষদের সদস্য নির্বাচনে মতৈক্যে পৌঁছাতে গত মে মাস থেকে কয়েকবার বৈঠকে মিলিত হয়েছেন।
এ লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী কৃষ্ণ প্রসাদ সিতাউলা ‘প্রচন্ড’ নামে পরিচিত মাওবাদীদের নেতা পুষ্প কমল দাহালের সঙ্গে আগামী মাসে আলোচনার টেবিলে বসার প্রস্তুতিস্বরূপ এক বৈঠকে মিলিত হয়েছেন।
মাওবাদীদের দাবী অনুযায়ী নেপাল সরকার গত মাস থেকেই রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া শুরু করেছে।
