পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হামলায় ১৫ জঙ্গি নিহত
পাকিস্তানের আফগান সীমান্তের কাছে একটি জঙ্গি শিবিরে সেদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলায় ১৫ জন বিদ্রোহী নিহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী শনিবার একথা জানায়।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুষিত এই অঞ্চলের জঙ্গি শিবিরে শনিবার ভোরে রকেট এবং হেলিকপ্টার নিয়ে অভিযান চালায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই এলাকায় তালেবান এবং আল-কায়েদা সমর্থকদের সাথে বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জঙ্গিরা নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
নিরাপত্তা কর্মীরা পূর্ব থেকে প্রস্ততি নিয়ে এই জঙ্গি প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে বলে সেনাবাহিনী ধারণা করছে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, এই হামলায় ১৫ থেকে ২০ জন স্থানীয় ও বিদেশী জঙ্গি নিহত হয়েছে।
তিনি আরও জানান, পাকিস্তানি সেনাবহরে হামলা করার জন্য তালেবানপন্থি জঙ্গিরা এই শিবিরটি ঘাঁটি হিসেবে ব্যবহার করতো। পাকিস্তানি নিরাপত্তা কর্মীরা গোপন সূত্রে এই সংবাদ পেয়ে এই শিবিরে হামলা চালায়।
উত্তর ওয়াজিরিস্তানে সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে সেনাবহরের উপর সিরিজ গ্রেডেন এবং রকেট হামলায় বিপুল সংখ্যক সেনা সদস্য নিহত এবং আহত হয়।
গত তিন বছরে এই অঞ্চলে তিনশ’রও বেশি সেনা সদস্য এবং দুই হাজারেরও বেশি লোক নিহত হয়।
