২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি

মার্কিন বাহিনীর হাতে ইরাকে আল-কায়েদার শীর্ষ নেতা আবু মুসাব আল জারকাবির মৃত্যুর পর আত্মঘাতি বোমা হামলার আশংকায় বাগদাদের রাস্তায় কয়েক ঘন্টার জন্য যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 02:42 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বৃহস্পতিবার বাগদাদে কয়েকটি বোমা হামলায় ৩৫ জন ইরাকির মৃত্যু হলে স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা থেকে ইরাকের রাস্তায় সকল যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় ।

বুধবার মার্কিন বিমান হামলায় আবু মুসাব আল জারকাবি নিহত হওয়ার প্রেক্ষিতে বাগদাদে এবং বাকুবায় শুক্রবার জুম্মার নামাজের পর ইরাকিদের সমাবেশ বন্ধ করার উদ্দেশ্যেই যানবাহন চলাচলের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইরাকের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা তাদের আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, জারকাবির মৃত্যুর ফলে ইরাকে সহিংসতার ঘটনা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেতে পারে। তবে মার্কিন প্রতিরক্ষা সচিব রামসফেল্ড জারকাবির মৃত্যুতে সহিংস ঘটনা বৃদ্ধির আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন।

বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর এক বৈঠক শেষে রামসফেল্ড বলেন, ইরাকে ব্যাপক হারে সহিংসতা ছড়িয়ে পড়ার তেমন কোন সম্ভাবনা নেই কেননা তার জন্য বড় ধরনের পূর্ব প্রস্ততি দরকার যা ইরাকি আল-কায়েদা বাহিনীর নেই।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেন, জারকাবির মৃত্যুর মধ্য দিয়ে নতুন ইরাকি সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার একটি সুবর্ণ সুযোগ পেলো। তিনি জারকাবির মৃত্যুকে আল-কায়েদার জন্য বিশাল একটি আঘাত বলে উল্লেখ করে জানান, তবে এর ফলে এই মূহুর্তেই ইরাকে সহিংসতা কমার সম্ভাবনা নেই।

বাগদাদের অধিকাংশ অধিবাসী জারকাবির মৃত্যুতে আনন্দ প্রকাশ করে জানিয়েছে, সত্যের জয় অনিবার্য।

এদিকে একটি আল কায়েদা তাদের ইসলামি ওয়েব সাইটের একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের প্রধান নেতা জারকাবি নিহত হলেও জিহাদ চালিয়ে যাওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ’।