২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসরায় গাড়ীবোমা বিস্ফোরণে নিহত ২৮, আহত ৬২

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় এক গাড়ীবোমা বিস্ফোরণে ২৮ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 10:30 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বন্দর শহর বসরার পুরানো অংশের একটি প্রধান বাজারের সামনে বোমাটি বিস্ফোরিত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গাড়ী বোমাটি যখন বিস্ফোরিত হয় তখন বসরার ঐ বাজারে বহু লোক বাজার করছিল।

ইরাকের নতুন প্রধানমন্ত্রী নূরী মালিকির বসরায় সফরের কয়েকদিন পরেই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটলো। বসরায় সহিংসতা ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরী অবস্থা ঘোষণা করেছেন।

এছাড়া প্রধানমন্ত্রী বসরার একটি সন্ত্রাসী চক্র যারা দেশের তেল রপ্তানীতে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে চায় তাদের কার্যকলাপ বন্ধে দৃঢ় ভূমিকা পালন করবেন বলে জানিয়েছে। বিভিন্ন বার্তা সংস্থার খবরে এ কথা বলা হয়েছে।

ইরাকের তেল সমৃদ্ধ শহর বসরায় তিন বছর আগে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সামরিক অভিযানের পর এটাই সবচেয়ে বড় ধরনের হামলা বলে জানা যায়।

ইরাকের রাজধানী বাগদাদে একজন রাশিয়ান কূটনীতিককে হত্যা এবং চারজন ব্যক্তিকে অপহরণের কয়েক ঘন্টা পর এই বিস্ফোরণটি সংঘটিত হল।