পাকিস্তান- আফগান সীমান্তে বোমা বিস্ফোরণে পাকিস্তানী পুলিশ নিহত
পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় শনিবার বোমা বিস্ফোরণে এক পাকিস্তানী পুলিশ নিহত এবং তিনজন আহত হয়েছে।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী সংঘাতপূর্ণ বাজায়ুর এলাকায় এ ঘটনা ঘটে বলে সরকারি এক কর্মকর্তা জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সরকারের উচ্চপদস্থ রাজনৈতিক প্রতিনিধি মোহাম্মদ ফাহিম খান ওয়াজির বলেন, রাস্তায় সন্দেহজনক বস্তু দেখার পর টহলরত পুলিশরা সেখানে যায় এমন সময় বোমাটির বিস্ফোরণ রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হয়।
এই ঘটনার পর সাতজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তালেবানদের উচ্ছেদ করার পর থেকেই এই অঞ্চলে পালিয়ে আসা বিদ্রোহী তালেবানদের উচ্ছেদ করতে পাকিস্তান সেনাবাহিনী জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আদিবাসীপ্রধান এই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ এবং বোমা হামলায় এপর্যন্ত কয়েক হাজার ব্যক্তি নিহত হয়েছে।
