ফ্রান্সে সন্ত্রাস, মাদক ও অবৈধ অভিবাসীদের প্রবেশরোধে ফ্রান্স- মরোক্কো একত্রে কাজ করবে
ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে সন্ত্রাস, মাদকদ্রব্য পাচার ও অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে ফ্রান্স ও মরোক্কোর সরকার পারষ্পারিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে সম্মত হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস সারকোজি মরোক্কোর রাজধানী রাবাতে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী চাকিব বেনমুসা’র সাথে এব্যাপারে একমত পোষণ করেছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে।
আগামী বছর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিকোলাস সারকোজি আফ্রিকার বিভিন্ন দেশ ভ্রমণ শুরু করেছেন। তিনি বেনিন ও মালি ভ্রমণ শেষে বর্তমানে মরোক্কোর রাজধানী রাবাতে অবস্থান করছেন। বেনিন ও মালিতে নিকোলাস তার কঠোর অভিবাসন নীতির জন্য ব্যাপক সমালোচনা ও বিক্ষোভের মুখে পড়েছেন।
ফ্রান্সের সংসদ সদস্যরা নিকোলাসের কঠোর অভিবাসন নীতির প্রতি সমর্থন জানলেও সিনেট এখোনো এব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।
আফ্রিকা থেকেই প্রতিবছর সবচেয়ে বেশী অবৈধ অভিবাসী ফ্রান্সে প্রবেশ করে থাকে। উত্তর আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপে যেন বিভিন্ন দেশের মানুষ অবৈধ উপায়ে প্রবেশ করতে না পারে সেজন্য উভয় মন্ত্রীই পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবেন বলে একমত প্রকাশ করেন।
শায়েল ও সাহারা অঞ্চলের বিদ্রোহীদের দমন করতে এবং তাদের অস্ত্রবিরতির উপায় নিয়েও নিকোলাস এবং বেনমুসা আলোচনা করেন।
