রাজার ক্ষমতা হ্রাস প্রশ্নে নেপালে এমপিদের ভোট, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পার্লামেন্ট
নেপালের পার্লামেন্ট সদস্যরা সর্বসম্মতক্রমে রাজা জ্ঞানেন্দ্রের নিয়ন্ত্রণ থেকে সেনাবাহিনীর কর্তৃত্ব কেড়ে নেয়াসহ তার ক্ষমতা হ্রাস করতে ঐতিহাসিক এক পরিকল্পনার পক্ষে অনুমোদন দিয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী রাজ পরিবার ও তাদের সম্পদকে কর ব্যবস্থার আওতায় আনা হবে। ৯০ হাজার সদস্যের সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণভার থাকবে পার্লামেন্টের হাতে। এছাড়া পার্লামেন্ট সিংহাসনের উত্তরাধিকার মনোনয়ন দেবে।
অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ঘোষণা দিতে গিয়ে পার্লামেন্টে বলেন, দেশের সকল জনগণের অনুভূতির প্রতিনিধিত্ব করছে এ ঘোষণা।
পার্লামেন্টের এ ঘোষণাকে নেপালের ম্যাগনাকার্টা হিসেবে অভিহিত করা হচ্ছে। পরিকল্পনাটি কার্যকর হলে রাজা দেশটির নামমাত্র প্রধান হিসেবে পরিণত হবে।
ঘোষণা অনুযায়ী রাজ উপদেষ্টা পরিষদ বা রাজ পরিষদ বাতিল করা হবে। ঘোষণায় পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপালকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে। সেনাবাহিনী ও সরকারের উপাধি থেকে রাজ পরিবারের রেফারেন্স অপসারণ করা হবে।
ঘোষণায় আরো বলা হয়েছে, এ ঘোষণার বিরোধিতা করে বর্তমান সংবিধানের এমন অনুচ্ছেদগুলো বাতিল করা হবে।
নেপালে এপ্রিল জুড়ে গণবিক্ষোভের ফলে রাজা বাধ্য হয়ে পার্লামেন্ট আহ্বান ও সরাসরি প্রাসাদ শাসনের অবসান হওয়ার পর এ পদক্ষেপ নেয়া হলো।
গণতন্ত্রপন্থী প্রতিবাদকারীদের ও রাজ শাসনের অবসানে ১০ বছর ধরে লড়াই চালিয়ে যাওয়া মাওবাদীদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবিটি হচ্ছে রাজার ক্ষমতা হ্রাস করা।
রাজা ২০০৫ সালের ফেব্রুয়ারিতে শের বাহাদুর দিউবার নেতৃত্বাধীন তৎকালীন সরকারকে বরখাস্ত করেন এবং সকল ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন।
