২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ দূতের মিয়ানমার সফর

জাতিসংঘ দূত ইব্রাহিম গামবারি বিগত দুই বছরের মধ্যে প্রথমবারের মত তিনদিনের সফরে বুধবার মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন পৌঁছছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 10:14 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

জতিসংঘের রাজনৈতিক বিষয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল গামবারি এ সফরকালে শান্তির জন্য নোবেল বিজয়ী গৃহবন্দী নেত্রী অং সাং সু কি’র সাথে সাক্ষাৎ করার অনুমতি চেয়েছেন। ১৯৯০ সালের নির্বাচনে অং সান সু কি’র দল ‘ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি’ বিজয়ী হলেও সেনাবাহিনী সে ফলাফলকে অস্বীকার করে তাকে গৃহবন্দী করে রাখে।

সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে গামবারি দেশে মানবাধিকার ও গনতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করবেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তারা মিয়ানমারের সংখ্যালঘু কারেন জনগোষ্ঠীকে গৃহহীন না করার আহ্বান জানানোর পরই গামবারি এ সফরে গেছেন।

সু কি’র সাথে সাক্ষাতের আবেদন মঞ্জুর হবার সম্ভাবনা নাথাকলেও তিনি তার দলের কিছু সদস্যের সাথে সাক্ষাত করতে পারবেন  বলে আশা প্রকাশকরেছেন।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে মিয়ানমারকে রাখতে চায় যাতে করে তারা দেশটির সরকারকে পুনর্গঠনের জন্য চাপ প্রয়োগ করতে পারে।

কিন্তু রাশিয়া ও চীন জানিয়েছে, নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিষয়ে কাজ করলেও মিয়ানমারের মানবাধিকার বিষয়ের সাথে জড়িত হতে পারেনা।