গাজায় ফাতাহ - হামাস সংঘর্ষে নিহত ৩
গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের কাছে সোমবার ভোরে হামাস এবং ফাতাহ বন্দুকধারীদের মধ্যে এক সংঘর্ষে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা কর্তৃপক্ষ একথা জানায়।
উভয় পক্ষের বন্দুকযুদ্ধের সময় ফাতাহ দলের দুইজন এবং হামাস’র একজন সদস্য নিহত হয়।
ফাতাহ এবং হামাস দল উভয়ই একে অপরের বিরুদ্ধে তাদের সদস্যদের অপহরণের অভিযোগ আনলে এই সংঘর্ষের সুত্রপাত ঘটে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে হামাস কর্তৃক ফাতাহ দলের পরাজয়ের পর এটাই হচ্ছে ফিলিস্তিনের সবচেয়ে মারাত্মক অভ্যন্তরীণ কোন্দল।
হামাস জানায়, ফাতাহ বন্দুকধারীরা তাদের তিনজন সদস্যকে অপহরণ করে। এরপর হামাস দলের জঙ্গিরা ফাতাহ দলের চারজন সদস্যকে অপহরন করে। তবে খুব তাড়াতাড়ি উভয় পক্ষ মধ্যস্থতা করে জিম্মিদের মুক্তি দেয়।
কিন্তু হামাস দলের একজন লোক মসজিদে যাওয়ার পথে ফাতাহ দল কর্তৃক নিহত হলে হামাস যোদ্ধারা তাদেরকে লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী রকেট নিক্ষেপ করে। এতে ফাতাহ’র দুইজন বন্দুকধারী নিহত হয়।
