ইরানকে পরমাণু সমৃদ্ধিকরণ স্থগিত রাখতে জাতিসংঘের আহবান
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্য রাষ্ট্র তাদের এক সভায় নতুন একটি চুক্তি অনুমোদনের মাধমে ইরানকে পরমাণু সমৃদ্ধিকরণ প্রক্রিয়া বন্ধের আহবান জানিয়েছে।
জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, রাশিয়া, চীন এবং ফ্রান্সের পরস্পর ভোট দানের মাধ্যমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ইরানের পরমাণু সংক্রান্ত বিষয়ে প্রায় সপ্তাহব্যাপী আলোচনা চলার পর অবশেষে নিরাপত্তা পরিষদ এই ঐক্যমতে পৌঁছায়।
এই সভায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রক্রিয়া কতদুর এগিয়েছে তা খতিয়ে দেখে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনকে একটি প্রতিবেদন পেশ করার জন্য নির্ধারিত সময়সীমা ১৪ দিন থেকে ৩১ দিন করা হয়েছে।
অন্যদিকে ইরান বলেছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য তারা তাদের পরমাণু সমৃদ্ধিকরণ প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।
