ফ্রান্সে সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে, গ্রেপ্তার ২ শতাধিক
ফ্রান্সে বিতর্কিত নতুন শ্রমিক আইন বাতিলের বিক্ষোভ বর্তমানে ভয়াবহ সহিংসতায় পরিণত হয়েছে। প্রায় আড়াই লাখ বিক্ষোভকারী এই নতুন আইনের বিরুদ্ধে এক র্যালীতে অংশ নিয়েছে।
প্যারিসে এটাই হচ্ছে স্মরণকালের ভয়াবহ সহিংস ঘটনা। প্যারিসের ৮০টি শহরের বিক্ষোভ দমনে দাঙ্গা পুলিশ রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
নতুন এই আইন হচ্ছে--২৬ বছরের কম বয়স্কদের দুই বছরের চাকুরির শর্তারোপ এবং কোন কারণ ছাড়াই চাকুরিচ্যুত করার বিধান।
প্রেসিডেন্ট জ্যাক শিরাক জানান, তিনি এ বিষয়ে আলোচনায় সম্মত কিন্তু নতুন এই আইনটি বেকার সমস্যা লাঘবের জন্য গুরুত্বপূর্ণ।
প্যারিসে শান্তিপূর্ণ এই বিক্ষোভে ১ লাখ ২০ হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছে বলে আয়োজকরা দাবি করলেও পুলিশ জানায় এতে প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী অংশ নেয়।
মুখোশধারী ৩শ’ বিক্ষোভকারীর একটি দল পুলিশকে লক্ষ্য করে হামলা চালালে পুলিশও তাদের প্রতিহত করতে টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে।
প্যারিসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার এই সহিংসতা শুরু হয়। এ ঘটনায় প্যারিস থেকে প্রায় ১৫০ জন এবং শহরের অন্যত্র স্থান থেকে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রেসিডেন্ট শিরাক এ বিষয়ে বৈঠক করার জন্য মন্ত্রীবর্গ এবং শ্রমিক নেতৃবৃন্দকে আহবান জানিয়েছেন।
