জাতিসংঘের সাধারণ পরিষদ নতুন মানবাধিকার সংস্থা সৃষ্টির পক্ষে ভোট দিয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা সত্ত্বেও জাতিসংঘের সাধারণ পরিষদ নতুন একটি মানবাধিকার সংস্থা সৃষ্টির পক্ষে স্বত:স্ফুর্তভাবে ভোট প্রদান করেছে।
এর ফলে ৫৩টি দেশের সমন্বয়ে গঠিত ‘জাতিসংঘ মানবাধিকার কমিশন’-এর পরিবর্তে ৪৭টি দেশের সমন্বয়ে গঠিত ‘মানবাধিকার কাউন্সিল’ জাতিসংঘের মানবাধিকার বিষয়টি দেখাশোনা করবে।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের বর্তমান কমিটির অন্তর্ভূক্ত কয়েকটি দেশে মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হওয়ায় কমিটির সমালোচনা করা হয়।
এদিকে মার্কিন প্রশাসন এই পরিকল্পনার বিরুদ্ধে ভোট দিয়ে বলেছে এই পরিবর্তন কোন সুদূরপ্রসারী ফলাফল বয়ে আনবে না। তবে নতুন কাউন্সিলের সাথে তারা কাজ করে যাবে বলে জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব কফি আনান মানবাধিকার কাউন্সিলের নতুন এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িতকরে বলেছেন, সারা পৃথিবতে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর এই নীতিগত পরিবর্তন খুবই প্রয়োজনীয় ছিল।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় জ্যান এলিয়াসনের সভাপতিত্বে কয়েকমাস ধরে আলোচনার পর এই পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত রূপ পায়। মোট ১৯১টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৭০টি সদস্য রাষ্ট্র এই পরিবর্তনের পক্ষে ভোট প্রদান করে। তিনটি সদস্য রাষ্ট্র ভোট প্রদান থেকে বিরত থাকে এবং ইসরাইল, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ ও আমেরিকা এই পরিকল্পনার বিরুদ্ধে ভোট দেন।
