ঈদের দিনে ফাঁসি, ক্ষুব্ধ আরববাসী
“সাদ্দাম হোসেন কি মানুষ ছিলেন না, যে তাকে ঈদের দিনে কুরবাণী দিতে হল। আসলে যুক্তরাষ্ট্র তাকে পশু হিসেবে গণ্য করেই ফাঁসিতে ঝুলিয়েছে। আর তাদের দাসানুদাস আরব নেতারাও তাদের সঙ্গে নেচেছে।” ক্ষুব্ধ কণ্ঠে বললেন আবু মোহাম্মদ সালামা। মাত্রই ঈদের নামাজ পড়ে ফিরছিলেন এ ফিলিস্তিনি।
শুধু ফিলিস্তিনেই নয়, একই ধরনের ক্ষোভ গোটা মধ্যপ্রাচ্যের মানুষের মনেই। অপরাধের জন্য সাদ্দাম হোসেনের সাজায় অনেকেরই আপত্তি ছিল না। কিন্তু তাই বলে ঈদের দিনে এ রকম ঘটনা তারা কিছুতেই মেনে নিতে পারছেন না।
মক্কায় হজ পালনরত সৌদি নাগরিক নওয়াফ আল হারফি বললেন, “সাদ্দাম নেই, এটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ঈদের দিনে এ রকম বেদনাদায়ক খবর আর হতে পারে না।”
আল হারফির সঙ্গেই ছিলেন সিরিয়ার আবু মুস্তাফা। তিনি বললেন, “এটা আসলেই অবিশ্বাস্য। কেউ যদি মনে করে এরপর ইরাকে শান্তি আসবে, তাহলে ভুল করবে। বরঞ্চ সহিংসতা তো বটেই পশ্চিমাদের প্রতি ক্ষোভও আরো বাড়বে।”
বাহরাইনের আল ওয়াতান পত্রিকার সম্পাদক আহমেদ আল মুদায়েব মনে করেন, সাদ্দামের মৃত্যুতে নতুন করে আগুন জ্বলবে ইরাকে।
ইরাকের সংসদ সদস্য ও সুন্নি নেতা খালাফ আল আলাইয়ান আল জাজিরা টেলিভিশনকে বলেন, “সাদ্দাম হোসেনের বিচার প্রক্রিয়াই মানবতার বিরুদ্ধে একটি অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত।”
লন্ডনভিত্তিক আল কুদস আল আরাবি পত্রিকার সম্পাদক আবদেল বারি আতওয়ানের ভাষায়, “ঈদের দিনে সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে প্রকারান্তরে ইসলাম ধর্মকেই উপহাস করা হল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকি সরকারও দায়ী থাকবে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার জন্য। ”
আরবের বাইরে অনেকেই সাদ্দাম হোসেনকে অপরাধী হিসেবে দেখলেও তিনি যে ন্যায় বিচার পাননি তাতে একমত পোষণ করেন।
পাকিস্তানের বিরোধী দল নেতা লিয়াকত বালুচ বলেন, “সাদ্দাম হোসেন অপরাধী ছিলেন, তাতে সন্দেহ নেই। তবে বিচার প্রক্রিয়া যথাযথ ছিল না।”
রিয়াজ গাজি নামে মালয়েশিয়ার এক আইনজীবী অবশ্য মনে করেন, সাদ্দাম হোসেন তার অপরাধের প্রকৃত সাজাই পেয়েছেন। একই অভিমত মালি’র মোহাম্মদ ফোফানার। তার ভাষায়, “আমি টেলিভিশনে দেখেছি সাদ্দাম কত লোকের হত্যার জন্য দায়ী। ফাঁসিই তার প্রকৃত শাস্তি।”
