পাকিস্তানে শিয়া-সুন্নি দ্বন্দ্বে নিহত ৪
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ডেরা ইসমাইল খাঁ- এ রোববার বন্দুকধারীর গুলিতে চার জন নিহত হয়েছে। আহত হয় আট জন। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয় শিয়া সম্প্রদায়ের এক জন। তার পর থেকেই শিয়া ও সুন্নিদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। রোববার তাকে জানাজা শেষে দাফন করা হয়। যে কবরস্তানে তাকে দাফন করা হয়, সেখানে এক সুন্নিরও দাফন চলছিল। সুন্নি ব্যক্তির দাফন শেষে তার স্বজনরা ফেরার পথে আচমকা বন্দুকধারীরা তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আহত আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা হাম্মাদ আবিদ জানিয়েছেন, ওই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার পর বিক্ষুব্ধ সুন্নিরা মিছিল বের করে এবং বেশ কিছু দোকানপাটে ভাংচুর চালায়। পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।
