আরো সৈন্য পাঠানোর জন্য গেটসের প্রতি আহ্বান
আরো সৈন্য পাঠানোর জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসকে অনুরোধ জানিয়েছেন ইরাকে মোতায়েন মার্কিন সৈন্যরা। যুক্তরাষ্ট্রে নতুন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এখন ইরাক সফরে রয়েছেন। বৃহস্পতিবার তিনি বাগদাদে মার্কিন সৈন্যদের সঙ্গে সকালের নাস্তা করেন। এ সময় তিনি তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপও সেরে নেন।
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলাপকালে সৈন্যরা বলেন, ইরাক থেকে সেনাদের দেশে ফিরিয়ে নেয়া এ মুহূর্তে ঠিক হবে না। এছাড়া বর্তমান সৈন্য সংখ্যাও পর্যাপ্ত নয়।
জেসন গ্লেন নামে এক সেনা বলেন, “আমরা এখন যেভাবে কাজ করছি, তাই এগিয়ে নিতে হবে। সে জন্য আরো সৈন্য দরকার। সৈন্য সংখ্যা বাড়লে ইরাকি বাহিনীকেও আমরা ভালোভাবে প্রশিক্ষিত করে তুলতে পারব।”
ইরাকি সেনারা দ্রুতই উন্নতি করছে বলে মন্তব্য করে মার্কিন সৈন্যরা। তবে এক্ষেত্রে কিছু সমস্যার কথাও জানায় তারা। তারা বলেন, অভিযানের আগে তথ্য পাচার করে দেওয়ার ঘটনাও ঘটছে এখানে। ইরাকি সেনারা তাদের ইরাকিই ভাবতে চায়। কিন্তু পুলিশ সদস্যরা শিয়া ও সুন্নি, এই বিভেদের উর্ধ্বে নিজের তুলে আনতে পারছে না।
রবার্ট গেটস বলেন, “ইরাকে পরিস্থিতি যে ভালো নয়, তা আপনাদের কথাতেই বোঝা যাচ্ছে।” বৃহস্পতিবারই ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে রবার্ট গেটসের বৈঠকের কথা রয়েছে। বুধবার মার্কিন বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও ইরাকের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।
বুধবারই প্রেসিডেন্ট জর্জ বুশ ইরাকে স্বল্প মেয়াদে মার্কিন সৈন্য বাড়ানোর ঘোষণা দেন। এছাড়া আগামী জানুয়ারিতে তিনি ইরাকে নতুন কৌশল ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
