ছেলেকে সিংহাসন ছেড়ে দেবেন ভুটানের রাজা ওয়াংচুক
ছেলের রাজা হওয়ার পথ সুগম করে দিতে আনুষ্ঠানিকভাবে সিংহাসন থেকে সরে দাঁড়াবেন ভুটানের রাজা জিগমে সিংঘে ওয়াংচুক।
শনিবার এক বিবৃতিতে এ ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
৭ লাখ লোকের এই পাহাড়ি দেশটি কয়েক দশক ধরে শাসন করে আসছেন রাজা ওয়াংচুক। গত বছর তিনি ঘোষণা দেন, ২০০৮ সালের মধ্যে ২৬ বছর বয়সী যুবরাজের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদকে এক বিবৃতিতে তিনি জানান, “থ্রংসা পেনলোপ জিগমে খেসার নামগিল ওয়াংচুকের সিংহাসনে আরোহণের সময় এসেছে। আমার বিশ্বাস, তার নেতৃত্বগুণ এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ভুটানকে বহুদূর এগিয়ে নেবে।”
পাহাড়ের কোলঘেঁষা, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন ও পিছিয়ে পড়া ভুটানকে ধীরে ধীরে আধুনিক পৃথিবীর সঙ্গে পরিচিত করে তোলেন রাজা ওয়াংচুক। পাশাপাশি ক্ষমতার মোহ পরিহার তাকে এনে দেয় দারুণ জনপ্রিয়তা।
