নেপালে অন্তবর্তী সংবিধান অনুমোদিত
নেপালে ক্ষমতাসীন সাত দলীয় জোট সরকার এবং মাওবাদীরা শনিবার অন্তর্বতীকালীন সংবিধানের খসড়া অনুমোদন করেছে।
এরই মধ্যে প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ও মাওবাদী নেতা প্রচন্ড অন্তর্বতী সংবিধানের খসড়ায় সই করেছেন। এর ফলে নেপালের অন্তর্বর্তী সরকার ও পার্লামেন্টে যোগ দিতে পারবে মাওবাদীরা।
ক্ষমতাসীন জোটের দ্বিতীয় বৃহত্তম দল কমিউনিস্ট-ইউএমএল পার্টির প্রবীণ নেতা ভারত মোহন অধিকরী এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন, খসড়া সংবিধানটি অনুমোদন করায় দেশে শান্তি স্থাপনের পথ সুগম হলো।
তিনি বলেন “নতুন সংবিধান অনুযায়ী দেশের প্রধান নির্বাহী হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী। রাজার আর দেশ পরিচালনাসহ কোন বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার থাকবেনা।”
বেশ কিছু বিতর্কিত ইস্যুতে নেপাল সরকার এবং মাওবাদীদের মধ্যে তিন দিন ধরে আলোচনার পর তারা এই খসড়া সংবিধান অনুমোদনে সম্মত হয়।
এসব বিতর্কিত ইস্যুর একটি ছিল সংবিধান রচনার জন্য একটি প্রতিনিধিসভা বা গণপরিষদ গঠনে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজা জ্ঞানেন্দ্র দেশটির অন্তর্বতীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা।
অবশেষে সে বিষয়টিরও সুরাহা হয়েছে। এখন থেকে রাষ্ট্র প্রধান হিসেবে রাষ্ট্রের যাবতীয় কর্মকান্ড পরিচালনা করবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত বিষয়ে রাজার কোন ক্ষমতাই থাকবেনা।
