কিউবা সফরে মার্কিন কংগ্রেস প্রতিনিধি দল
কিউবার বিরুদ্ধে নমনীয় নীতি গ্রহণের পক্ষপাতী মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে হাভানায় যাচ্ছে শুক্রবার।
ডেমোক্রেট ও রিপাবলিকানদের ১০ সদস্যের প্রতিনিধি দলটি রাউল ক্যাস্ত্রোর সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। এ সফরকে ফিদেল ক্যাস্ত্রো পরবর্তী কিউবা-মার্কিন সম্পর্কে একটি নাটকীয় পরিবর্তনের সম্ভবনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
ফিদেল ক্যাস্ত্রোর অসুস্থতার কারণে দায়িত্ব নেওয়ার পর রাউলের নেতৃত্বে কিউবার বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা মূল্যায়ন করে দেশটির সঙ্গে নতুন ধরনের সম্পর্ক স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে দেখবে প্রতিনিধি দল। কিউবার বিরুদ্ধে অবরোধ শিথিল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী কিউবানদের ভ্রমণ ও রেমিটেন্স পাঠানোর বিষয়টিও পর্যালোচনা করবেন তারা।
এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিউবা প্রস্তুত বলে রাউল ক্যাস্ত্রোর আহ্বান নাকচ করে দিয়েছিল বুশ প্রশাসন। তাদের অভিযোগ, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া ফিদেলের কাছ থেকে রাউলের ক্ষমতা গ্রহণ একটি রাজতান্ত্রিক ব্যাপার এবং এতে কিউবার জনগনের ভাগ্যের কোন পরিবর্তন হবে না। কিন্তু কংগ্রেসে ডেমোক্রেটদের প্রাধান্যের ফলে বিষয়টিকে নতুনভাবে দেখতে চাইছে মার্কিন কংগ্রেস। তাদের ধারণা, এখন অবরোধ শিথিল করে দেশটির সঙ্গে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমেই সম্ভব কিউবাকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া।
অ্যারিজোনার রিপাবলিকান প্রতিনিধি জেফ ফ্লেক এবং ম্যাসাচুসেটসের রিপাবলিকান প্রতিনিধি উইলিয়াম ডেলাহা›ট্ব ১০ সদস্যের এ কংগ্রেস প্রতিতনিধি দলেরনেতৃত্ব দেবেন। কিউবা-মার্কিন সম্পর্কে নবযুগের সূচনায় একটি যুগান্তকারী পদক্ষেপ মনে করা হচ্ছে ফ্লেক-ডেলাহান্ট প্রতিনিধি দলকে।
এদিকে মার্কিন গোয়েন্দা প্রধান জন নিগ্রোপন্টে এক সাক্ষাৎকারে বলেছেন, কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো খুবই অসুস্থ এবং মৃত্যুর খুব কাছাকাছি পৌছে গেছেন । তিনি বলেন, আমরা যা কিছু দেখছি এবং আমাদের কাছে যে তথ্য আছে তাতে এটা স্পষ্ট যে তিনি আর বেশি দিন নেই, হয়তো কয়েক মাস, কিন্তু কয়েক বছর নয়। ওয়াশিংটন পোস্টে শুক্রবার তার এ সাক্ষাৎকার ছাপা হয়।
