ইয়েমেনে আরো দুই সাংবাদিকের শাস্তি
ইয়েমেনে বুধবার দুই সাংবাদিকের লেখনীর ওপর এক মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে সে দেশের একটি আদালত। হজরত মুহাম্মদের(দ.) ব্যঙ্গচিত্র ছাপানোর মাধ্যমে ইসলামের অবমাননার দায়ে তাদের এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন আল হুরিয়া’র ব্যবস্থাপনা সম্পাদক আকরাম সাবরা ও সাপ্তাহিক ইন্ডিপেন্ডেন্টের রিপোর্টার ইয়েনিহ আল আবদেল। এর মধ্যে আকরাম সাবরাকে চার মাসের স্থগিত কারাদণ্ডাদেশও দেওয়া হয়।
ডেনমার্কের পত্রিকায় প্রকাশিত হজরত মুহাম্মদের(দ.) ব্যঙ্গচিত্র ছাপানোর দায়ে এর আগে সে দেশের আরো দুইটি পত্রিকার সম্পাদককে শাস্তি দেওয়া হয়। আদালত গত মাসে আল রাই আল ইহরাম পত্রিকার সম্পাদক কামাল আল আলাফিকে এক বছর জেল দেয় এবং ইয়েমেন অবজার্ভার সম্পাদক মোহাম্মদ আল আসাদির আড়াই হাজার ডলার জরিমানা করে।
বুধবারের রায়ের পর সাংবাদিকদের আইনজীবী খালেদ আল আনসারি জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন। অভিযুক্ত দুই সাংবাদিক বলেন, ধর্মকে অবমাননার জন্য নয়, বরং পাশ্চাত্যে কিভাবে ইসলামের অবমাননা হচ্ছে তা তুলে ধরার জন্যই তারা ব্যঙ্গচিত্রগুলো ছাপিয়েছিলেন।
