ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবো না: মার্কেল
পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণের পথ থেকে ইরানকে ফেরাতে নিষেধাজ্ঞা আরোপসহ সব ধরনের কূটনৈতিক কৌশল নেওয়ার কথা বলেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের সঙ্গে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি।
মার্কেল বলেন এ লক্ষ্যেই ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর কাজ চালিয়ে যাচ্ছে জার্মানিসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন।
তিনি বলেন, “এটা ইরানের কাছে স্পষ্ট হওয়া দরকার পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ প্রক্রিয়া আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য হবেনা। আর বসে না থেকে এখন সময় হয়েছে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়ার।”
ইরান ইস্যুতে কূটনৈতিক কৌশলের আশ্রয় নেওয়ার প্রতি সমর্থন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। তেহরানে ইরান সরকার আয়োজিত ‘হলোকস্ট’ বা ‘ইহুদি নিধনযজ্ঞ বিষয়ক’ সম্মেলন প্রত্যাখ্যান করায় মার্কেলকে স্বাগত জানিয়েছেন তিনি।
মার্কেল বলেন, শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের পদ গ্রহণের পর তার দেশ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আরো উদ্যোগী হবে।
