২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় গোয়েন্দা কর্মকর্তার ৩ শিশুকে গুলি করে হত্যা

গাজায় সোমবার তিন শিশুসহ চার জনকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুধারীরা। নিহত শিশুরা ফিলিস্তিনি গোয়েন্দা কর্মকর্তা কর্নেল বাহা বালোশার ছেলে। তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত হিসেবে পরিচিত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2006, 04:37 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

স্বরাষ্ট্রমন্ত্রী ও হামাস নেতা সাঈদ সায়েমের গাড়িতে গুলিবর্ষণের ২৪ ঘণ্টার মধ্যেই এ হামলা হল। ওই ঘটনায় সাঈদ সায়েম অক্ষত অবস্থায় বেঁচে যান।

পুলিশ জানায়, গোয়েন্দা কর্মকর্তার শিশুরা তাদের স্কুলের সামনে গাড়ি থেকে নামার সময় হামলা হয়। বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে এক পথচারী নিহত ও অপর দুই শিশুও আহত হয়।

স্থানীয় লোকজন জানায়, পুলিশ ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। গুলিতে পুরো গাড়ি ঝাঁঝরা হয়ে যায়। গাড়িতে নীল ও সবুজ রংয়ের দুইটি স্কুল ব্যাগ পড়ে ছিল, আর সিটে ছিল রক্তের দাগ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহত শিশুদের বয়স ছয় থেকে নয়ের মধ্যে। পথচারীর বয়স আনুমানিক ২৫।

হামলার সময় কর্নেল বাহা বালোশার গাড়িতে ছিলেন না। গত সেপ্টেম্বরে হত্যার উদ্দেশ্যে গাজায় তাকে লক্ষ করে গুলি ছোড়া হয়েছিল।

সোমবারের হত্যাকাণ্ড সম্পর্কে শীর্ষস্থানীয় এক জন গোয়েন্দা কর্মকর্তা বলেন, কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত, শিশুদের হত্যার জন্যই হামলা চালানো হয়। কারণ, এটা সবাই জানত কর্নেল বাহা তার ছেলেদের কখনোই স্কুলে পৌঁছে দিতেন না। তাকে হত্যায় ব্যর্থ হয়েই হামলাকারীরা এ পথ নেয়।