২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাতেই যাত্রা করেছে ডিসকভারি

খারাপ আবহাওয়ার কারণে দুইবার যাত্রা পেছানোর পর শনিবার রাতের বেলাতেই মহাকাশে রওনা দিল ডিসকভারি। ২০০৩ সালে কলাম্বিয়া দুর্ঘটনার পর রাতের বেলায় এটাই নাসার প্রথম ফ্লাইট। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শনিবার রাত ৮.৪৭ মিনিটে যাত্রা শুরু করে ডিসকভারি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Dec 2006, 01:10 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে জ্বালানির জন্য নতুন বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থা, স্টেশনের কাঠামোর আরেকটি অংশ বয়ে নিয়ে যাওয়া এবং তা স্থাপন করা এবং একজন নতুন স্টেশন ক্রু-কে পৌঁছে দেওয়াই ডিসকভারির এ ফ্লাইটটির উদ্দেশ্য। আগামী সোমবারে মহাকাশ স্টেশনে পৌঁছাবে ডিসকভারি। সবকিছু ঠিক থাকলে ২১ ডিসেম্বর পৃথিবীতে ফিরে আসার কথা মহাকাশ খেয়াযানটির।

এবারের যাত্রায় ডিসকভারির ৭ নভোচারীর মধ্যে ৫ জনই এই প্রথম পা রাখছেন মহাকাশে। ইউরোপীয় স্পেস এজেন্সির ক্রিস্টোফার ফাগলেসাং নতুন নভোচারীদের একজন। তিনি মহাকাশে প্রথম সুইডিশ নভোচারী । অন্য নতুন নভোচারীরা হলেন উইলিয়ামস, নিকোলাস প্যাট্রিক, জোয়ান হিগগিনবোথাম এবং পাইলট উইলিয়াম ওফেলেইন। বাকি দু’জন হলেন পোলানস্কি এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং প্রধান ‘স্পেসওয়াকার’ রবার্ট কারবিম।

২০০৩ সালে কলাম্বিয়া দুর্ঘটনার পর রাতের বেলায় স্পেস ফ্লাইট বন্ধ করে দেয় নাসা। উড্ডয়নের সময় জ্বালানি বর্জ্য পড়ে কলাম্বিয়ার ‘হিট শিল্ডটি’ ক্ষতিগ্রস্থ হলে ৭ নভোচারীসহ বিধ্বস্ত হয় মহাকাশযানটি। তাই রাডার এবং ক্যামেরার ভাল পর্যবেক্ষণের সুবিধার্থে দিনের বেলাতেই ফ্লাইট পরিচালনা করত নাসা। তবে এখন ফুয়েল ট্যাঙ্ক, রাডার ও অন্যান্য ব্যবস্থার উন্নয়নের ফলে আবার রাতের ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে নাসা।