মার্কিন হামলায় শিশুসহ ১৭ বেসামরিক ইরাকি নিহত
বাগদাদের উত্তরে সালাদিন প্রদেশে শুক্রবার মার্কিন বাহিনীর ব্যাপক বিমান হামলায় পাঁচ শিশুসহ ১৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ইরাকি কর্মকর্তারা দাবি করেছেন।
শিশুদের লাশগুলোও তারা সাংবাদিকদের দেখিয়েছে।
অপরদিকে দিকে মার্কিন বাহিনী বলেছে, তাদের লক্ষ্যবস্তু ছিল আল কায়দা ঘাঁটি এবং হামলায় সন্দেহভাজন ২০ আল কায়দা সদস্য নিহত হয়েছেন।
বাগদাদের ৯০ কিলোমিটার উত্তরে ইশাকি এলাকায় স্থানীয় লোকজন কম্বল মোড়ানো শিশুদের মৃতদেহগুলো সাংবাদিকদের দেখান।
পুলিশ জানিয়েছে, তারা ওই এলাকা থেকে ১৭টি লাশ উদ্ধার করেছে। নিহতদের সবাই নিরীহ বেসামরিক ব্যক্তি।
দুটি ঘরের ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
ইশাকির মেয়র আমের আলোয়ান টেলিফোনে রয়টার্সকে বলেন, “মার্কিনিরা এমন কাণ্ড আগেও ঘটিয়েছে, কিন্তু স্বীকার করেনি। এ ধরনের ঘটনা পুরো বিশ্বের জানা উচিত।”
মার্কিন বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ওই এলাকায় জঙ্গিদের ঘাঁটিতে শুক্রবার মার্কিন সেনারা অভিযান চালায়। আর তাদের সহায়তা করে বিমান বাহিনী। সেখান থেকে বেশ কিছু রকেটচালিত গ্রেনেড ও গোলাবারুদও উদ্ধার করা হয়।”
মার্কিন হামলায় বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা ইরাকে জনমনে ক্ষোভ বাড়িয়েই চলেছে।
কিছুদিন আগে প্রধানমন্ত্রী নুরি আল মালিকিও মন্তব্য করেন, এ ধরনের ঘটনায় তার ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে।
