২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বাজার নিয়ে বিদেশি হোটেলগুলোর আগ্রহ বাড়ছে

ক্রমবর্ধমান অর্থনৈতিক অবকাঠামো এবং ব্যাপক চাহিদার কারণে আন্তর্জাতিক হোটেল কোম্পানিগুলোর নজর এখন ভারতের বাজারের দিকে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

তবে জমির বেশি দাম এবং বেচা-কেনার ক্ষেত্রে অস্বচ্ছতা থাকায় এসব কোম্পানি স্থানীয় পর্যায়ের সহযোগীদের সঙ্গে যৌথ বিনিয়োগে বাধ্য হচ্ছে।

ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউজকুপারসের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী চীন ও ভারতের মতো দেশগুলোর ক্রমবর্ধমান অর্থনীতির পাশাপাশি নিজ দেশে প্রবৃদ্ধির হার কম হওয়ায় হোটেল ব্যবসায়ীরা এখন ওই দেশগুলোর দিকে ঝুঁকছেন।

ধারণা করা হয়, ভারতে মোট হোটেল কক্ষের সংখ্যা প্রায় এক লাখ পাঁচ হাজার। অথচ, সাংহাইয়ে এর সংখ্যা এক লাখ ৩৫ হাজার।

এসব হোটেলের মাত্র এক-চতুর্থাংশ তারকাখচিত।

আগামী পাঁচ বছরে বাড়তি চাহিদা মেটাতে ভারতে আরও এক লাখ থেকে এক লাখ ২৫ হাজার হোটেল কক্ষের প্রয়োজন হবে।

দেশটিতে বিলাসবহুল কক্ষের ভাড়া ১৫০ থেকে ৩০০ ডলারের মধ্যে। পর্যটন মৌসুমে, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ভাড়া ৫৫০/৬৫০ ডলার পর্যন্ত ওঠে।

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আর কোনো দেশে হোটেল কক্ষের ভাড়া এতো বাড়ে না।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ভারতে হোটেল ভাড়া ২০ থেকে ২৫ শতাংশ বাড়বে বলে পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন।

কিন্তু এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে বিনিয়োগ করার ঝুঁকিও কম নয়।

আতিথেয়তা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এইচভিএস ইন্টারন্যাশনালের মানব থাদানি এ প্রসঙ্গে বলেন, “সম্পত্তি সংক্রান্ত কেনা-বেচার ক্ষেত্রে স্বচ্ছতা না থাকায় এদেশে ব্যবসা করা কঠিন। কাজেই এখানকার বাজার সম্পর্কে ধারণা রাখে এবং প্রচুর জমি আছে এমন কারও সঙ্গে যৌথ ব্যবসা করা বরং নিরাপদ।”

এরইমধ্যে ফ্রান্সের হোটেল গ্রুপ অ্যাকর এসএ হিন্দুস্থান কনস্ট্রাকশন লিমিটেড, জিএমআর ইনফাস্ট্রাকচার লিমিটেড, নির্মল লাইফস্টাইল লিমিটেড ও নমন ডেভেলপার্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

হিল্টন হোটেলও ডিএলএফ লিমিটেডের সঙ্গে যৌথভাবে ১৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

এসব হোটেলের সঙ্গে যুক্ত হতে পারাকে গৌরবের বলে মনে করছেন সম্পত্তি সংক্রান্ত পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলো।

এরকম একটি প্রতিষ্ঠান ট্রমেল ক্রো মেঘরাজের প্রধান অনুজ পুরীর মতে, ভারতে হিল্টন কিংবা সাংগ্রিলার মতো হোটেলগুলোর সঙ্গে যৌথ বিনিয়োগ এদেশীয় অংশীদারদের জন্য বড় পাওয়া।