প্রথমবারের মতো কর দিলেন নেপালের রাজা জ্ঞানেন্দ্র
নেপালের রাজা জ্ঞানেন্দ্র শুক্রবার প্রথমবারের মতো কর দিয়েছেন।
নেপাল সরকারের এক মুখপাত্র জানান, রাজা তার ব্যক্তিগত সম্পত্তির ওপর ধার্য করা শুল্ক পরিশোধ করেছেন।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র দীপ বাসনেত জানান, রাজা নিজের ও যুবরাজ পরশের বিদেশ থেকে কেনা ব্যক্তিগত সম্পত্তির ওপর ধার্য করা প্রায় ১৮০০ মার্কিন ডলার শুল্ক পরিশোধ করেছেন।
রয়টার্সকে দীপ জানান, এই প্রথমবারের মতো রাজপ্রাসাদের সদস্যদের কেনা কোনো পণ্য কাস্টমস বিভাগ থেকে ছাড় করাতে শুল্ক পরিশোধের ঘটনা ঘটলো। এর আগে রাজা ও তার নিজ পরিবারের সদস্যদের কর দিতে হতো না।
দেশটির ঐতিহ্য অনুযায়ী রাজাকে দেবতা হিসেবে সম্মান করার রীতি প্রচলিত থাকলেও গত বছরের প্রথম দিকে নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখলের পর থেকেই জ্ঞানেন্দ্রর জনপ্রিয়তা কমতে থাকে।
গত মে মাসে গণঅভ্যুত্থানের মুখে রাজা হিসেবে জ্ঞানেন্দ্র তার প্রায় সব ক্ষমতা হারান। এরপর তাকে দেশের একজন সাধারণ নাগরিকের মতো কর দেওয়ার নির্দেশ দেয় সরকার।
রাজার মালিকানাধীন কয়েক হাজার হেক্টর জমি জাতীয়করণ করার কথাও ভাবছে সরকার।
