হেপবার্নের ছোঁয়ায় গাউনের দাম ৮ লাখ ডলার!
মাত্র আট লাখ ডলার! এই দামেই বিক্রি হল অড্রে হেপবার্নের সেই কালো গাউনটি, যা তিনি পরেছিলেন ‘ব্রেকফাস্ট উইথ টিফানিস’ মুভিতে। মঙ্গলবার বৃটেনে অনুষ্ঠিত হয় এই নিলাম।
বিখ্যাত ডিজাইনার গিভানসির ১৯৬১ সালে তৈরি করা গাউনটি কে কিনেছেন তা জানা যায়নি। টেলিফোনেই তিনি অংশ নেন নিলামে। আয়োজক প্রতিষ্ঠান ক্রিস্টি এটুকুই বলেছে যে তিনি এক জন ইউরোপিয়ান। আট লাখ ডলার হেঁকে সবাইকে হারিয়ে দিলেও গাউনটি পেতে তাকে ব্যয় করতে হবে আসলে নয় লাখ বিশ হাজার ডলার। অতিরিক্ত এ অর্থ পাবে আয়োজক ক্রিস্টি। গাউনটির দাম ধারণার চেয়ে প্রায় সাত গুণ বেশি ওঠে।
গাউনটি নিলামে তোলে মানবিক সাহায্য সংস্থা ‘সিটি অফ জয়’। এই সংস্থা মূলত ভারতের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে। প্রতিষ্ঠানটি যিনি চালান তিনি ভারতীয় উপমহাদেশে খুবই পরিচিত, দোমিনিক লা পিয়ের। এটি বিক্রি করে প্রাপ্ত অর্থ মানব সেবায় ব্যয় করার জন্য গিভানসি নিজেই ওই গাউন লা পিয়েরকে দিয়েছিলেন।
এত দামে গাউনটি বিক্রির পর লা পিয়ের বললেন, ‘আজ আমার চোখ জলে ভেসে যাচ্ছে। ছোট্ট একটি কাপড়, অথচ একজন জাদুকরি অভিনেত্রীর ছোয়াঁ তার মাঝে লেগে আছে বলেই আজ আমি ছোট ছোট শিশুদের থাকার ঘর বানিয়ে দিতে পারব।”
মঙ্গলবারের ওই দাম ওঠার পর রুপালি জগতের তারকাদের পোশাকের ক্ষেত্রে অড্রে হেপবার্নের গাউনটি দ্বিতীয় স্থানে উঠে এল। শীর্ষস্থানে অবিচল মেরলিন মনরো। প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্য ১৯৬২ সালে “হ্যাপি বার্থ ডে, মিস্টার প্রেসিডেন্ট” গানটি তিনি যে পোশাক পরে গেয়েছিলেন তা বিক্রি হয় ১২ লাখ ৭০ হাজার ডলারে।
