৪ হাজার বছর আগের চিকিৎসকের মমি উদ্ধার
মিশরে ৪ হাজার বছর আগের এক চিকিৎসকের মমি খুঁজে পেয়েছেন প্রত্নত্ত্ববিদরা। শেষকৃত্যের তৈজসপত্রের সঙ্গে ব্রোঞ্জে তৈরী শল্য-চিকিৎসার ছুরি-কাঁচি, বেশকিছু মৃৎপাত্র এবং ২২টি ব্রোঞ্জ মূর্তিও পাওয়া গেছে তার সমাধিতে।
সমাধিতে পাওয়া যাওয়া এসব থেকে ধারণা করা হচ্ছে ওই চিকিৎসক ‘কার’ নামে পরিচিত ছিলেন। তার জীবনকাল ছিল ২৩৫০ থেকে ২১৮০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত বি¯তৃত ষষ্ঠ মিশরীয় সাম্রাজ্যের সময়ে।
মিশরের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান জাহি হাওয়াস মঙ্গলবার জানান, মমিটি খুবই ভাল অবস্থায় সংরক্ষিত আছে। মমি রাখার কাঠের বাক্সটিও অত্যন্ত ভাল অবস্থায় রয়েছে এবং বাক্সটি খুবই সুন্দর অলংকরণ সমৃদ্ধ। মমি মোড়ানো লিনেনের ব্যান্ডেজ এবং সেখানকার শেষকৃত্যের আঁকিবুকি পর্যন্ত অবিকল একইরকম রয়েছে।
সামান্য ক্ষত সত্ত্বেও মমির মুখ ঢেকে রাখার মুখোশটি বিস্ময়করভাবে সংরক্ষিত আছে বলেও জানান জাহি হাওয়াস।
কায়রোর ২০ কিলোমিটার দক্ষিণে সাক্কারায় কারে’র সমাধিটি প্রথম খুঁজে পাওয়া যায় ২০০০ সালে। তখন শুধু সমাধির উপরিভাগই আবিস্কার করা হয়েছিল। সম্প্রতি সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করার সময় মমিটি খুঁজে পান তারা।
