প্রতিটি ছবির জন্য পৌনে ২ কোটি ডলার নেন কিডম্যান
পাঁচ বছর পর শীর্ষস্থান হারালেন জুলিয়া রবার্টস। ২০০৬ সালে হলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর তালিকায় তার স্থানে উঠে এল নিকোল কিডম্যানের নাম।
গত বছর বেশ কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয়ের পর এ বছর প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য প্রায় পৌণে দুই কোটি ডলার করে নিয়েছেন নিকোল। আর এতেই তিনি দখল করে নিয়েছেন অভিনেত্রীদের মধ্যে শীর্ষস্থান।
যদিও প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য জুলিয়া রবার্টস এখনো দুই কোটি ডলার পারিশ্রমিক নেন, কিন্তু এ বছর তার কোনো ছবি মুক্তি না পাওয়ায় তালিকায় অন্তর্ভুক্ত হননি।
৩৯ বছর বয়সী নিকোল কিডম্যানের জন্ম হাওয়াই দ্বীপে হলেও তার বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়, বাবা-মায়ের সঙ্গে। ‘দি আওয়ার্স’ ছবিতে অভিনয় করে তিনি ২০০২ সালে অস্কার জেতেন।
শীর্ষ সম্মানীপ্রাপ্ত অভিনেত্রীর তালিকায় নিকোল কিডম্যানের পরেই রয়েছেন রিজ উইদারস্পুনস, রেনে জেলওয়েগার, ড্রিউ ব্যারিমোর ও ক্যামেরন ডায়াজ। এদের প্রত্যেকের সম্মানী দেড় কোটি ডলার। তালিকায় ষষ্ঠ থেকে অষ্টম স্থানে রয়েছেন বেরি, চার্লিস থেরন ও অ্যাঞ্জেলিনা জোলি। ৮০ লাখ ডলারের বেশি সম্মানী নিয়ে প্রথমবারের মতো তালিকায় ঢুকলেন স্পাইডারম্যান খ্যাত ক্রিস্টেন ডান্সট। আর তার পরের অর্থাৎ দশম স্থানে রয়েছেন জেনিফার অ্যানিস্টন। তার সম্মানী ৮০ লাখ ডলার।
