আফগানিস্তানে মার্কিন সেনাদের সঙ্গে সংঘর্ষে ৭ তালেবান নিহত
আফগানিস্তানে শুক্রবার মার্কিন সেনাদের সঙ্গে সংঘর্ষে সাত জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে এ খবর জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কান্দাহারে তালেবানদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ সংঘর্ষ হয়। এতে এক মার্কিন সেনা আহত হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মার্কিন বাহিনী দাবি করেছে, এতে কোনো সাধারণ নাগরিক হতাহত হয়নি।
এ বিষয়ে তালেবানদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ন্যাটো বাহিনী বলেছে, গজনীতে গেরিলাদের আকস্মিক হামলায় বৃহস্পতিবার এক সেনা নিহত হয়। টহলরত সেনাদের লক্ষ করে গেরিলারা মর্টার হামলা চালালে ওই ঘটনা ঘটে। এতে অপর এক সেনা আহত হয় বলে ন্যাটো বাহিনী জানায়। তবে হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
