ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, ১২ জনের মৃত্যুর আশঙ্কা
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে শনিবার ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১২ আরোহীর সবাই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাপুয়ায় পুলিশের মুখপাত্র কার্টোনো ওয়াংসাদিসাসত্রা জানান, জাকার্তার ৪,০০০ কিলোমিটার পূর্বে শুক্রবার সকালে প্লেনটি নিখোঁজ হয়ে যায় এবং শনিবার এর ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়। কুয়াশার কারণে এটি একটি পাহাড়ে আঘাত করে বলে ধারণা করা হচ্ছে।
খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান চালাতে দেরি হচ্ছে । ওয়াংসাদিসাসত্রা বলেন, আবহাওয়া অনুকূলে এলেই উদ্ধারকাজ শুরু করা হবে। তিনি কয়েজনকে জীবিত উদ্ধারের আশা প্রকাশ করেন।
জাকার্তার এক সংবাদপত্রে বলা হয়েছে সরকারি কর্মকর্তাদের বহনের জন্য স্থানীয় সরকারের কাছ থেকে বিমানটি ভাড়া নেওয়া হয়েছিল।
