ব্রিটেনের ধারণা: পরমাণু হামলার জন্য প্রযুক্তি খুঁজছে আল কায়েদা
ব্রিটেনসহ পশ্চিমা লক্ষ্যস্থলে পরমাণু অস্ত্রের হামলা চালাতে ক্ষমতা পেতে প্রযুক্তির খোঁজে আছে আল কায়েদা। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, আমরা জানি তারা সুযোগের অপেক্ষায় আছে। আমরা জানি তারা প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের চেষ্টা করছে। আমরা জানি তারা প্রযুক্তির খোঁজে আছে।
তিনি এমন এক সময় এই তথ্য দিলেন যার একদিন আগে ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভের প্রধান এলিজা ম্যানিনগ্রাম-বুলার অভিযোগ করেন, মুসলমান উগ্রবাদীরা দেশটিতে অন্তত ৩০টি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। এসব হামলায় পরমাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হতে পারে। বুলার আরও বলেন, গত সপ্তাহে মুসলমান তরুণদের আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাকিস্তানে আল কায়েদার সাথে সম্পৃক্ত ব্রিটেনে জন্মগ্রহণকারী এমন প্রায় ১৬শ তরুণের ওপর এমআই-ফাইভের গোয়েন্দারা নজর রাখছে বলে তিনি জানান।
পশ্চিমা লক্ষ্যস্থলে হামলা চালাতে আল কায়েদা পরমাণু সরঞ্জাম পেতে চায়-এমন সম্ভাবনার সাথে তার দ্বিমত আছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই।”
