২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েক মাসের মধ্যেই ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করতে চায় ডেমোক্রেটরা

আগামী কয়েক মাসের মধ্যেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে চাপ দেবে ডেমোক্রেটরা। সেনা সংক্রান্ত সিনেট কমিটির সম্ভাব্য পরবর্তী চেয়ারম্যান ও ডেমোক্রেট নেতা কার্ল লেভিন রোববার এ কথা জানিয়েছেন। যদিও হোয়াইট হাউজ সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা ঘোষণার বিরোধী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Nov 2006, 12:42 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এবিসি টিভিকে দেয়া সাক্ষাৎকার কার্ল লেভিন বলেন, ইরাকি সরকারকে অবশ্যই জানিয়ে দিতে হবে যে মার্কিন সেনারা অনির্দিষ্ট কাল সেখানে অবস্থান করবে না। আগামী চার থেকে ছয় মাসের মধ্যেই ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি শুরু করা দরকার। একই কথা বলেছেন ডেমোক্রেট সিনেটর হ্যারি রিডও। সিবিএস টিভির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ইরাক থেকে দ্রুতই সেনা প্রত্যাহার করা প্রয়োজন।

এদিকে প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশ বলে আসছেন, ইরাকি বাহিনী নিরাপত্তার দায়িত্ব নিতে সক্ষম না হওয়া পর্যন্ত মার্কিন সেনারা ইরাক ছাড়বে না। তিনি সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা ঘোষণারও বিরোধী। হোয়াইট হাউজ জানিয়েছে, ইরাক পরিস্থিতি পর্যালোচনায় প্রেসিডেন্ট বুশ সোমবার ইরাক স্টাডি গ্রুপের সঙ্গে বসছেন।

রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেছেন, ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা ঘোষণা সেখানকার পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে।

হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ জোস বল্টেন বলেন, ইরাক নিয়ে এমন কৌশলই নিতে হবে যা সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা নিশ্চিত করবে। তাই এক্ষেত্রে সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা সত্যিই কঠিন।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট বুশ ইরাক ইস্যু নিয়ে নতুনভাবে কাজ করতে চান। এটা ঠিক যে ইরাকে এখন যা ঘটছে তাতে আমরা কেউই সন্তষ্ট নই।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকারের নেতৃত্বাধীন ইরাক স্টাডি গ্রুপ সোমবার প্রেসিডেন্ট বুশের সঙ্গে বৈঠকে বসতে চললেও এখন পর্যন্ত তারা রিপোর্ট চূড়ান্ত করতে পারেনি বলে জানা গেছে।

ইরাক ইস্যুতে ইরান, সিরিয়া, তুরস্ক, সৌদি আরব, জর্ডান ও মিশরকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দিয়েছে ডেমোক্রেটরা। এ প্রসঙ্গে জোস বল্টেন বলেন, কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়। সবকিছুই তাই বিবেচনায় রাখতে হবে।