২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগারদের ঘাঁটিতে তিন দিন ধরে বিমান হামলা

তামিল টাইগারদের ঘাঁটি ও প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে পর পর তৃতীয় দিনের মতো শুক্রবারও বিমান হামলা চালিয়েছে শ্রীলংকার বিমান বাহিনী। নতুন করে শুরু হওয়া সহিংসতা বন্ধের জন্য আলোচনা ভেঙ্গে যাওয়ার কয়েকদিনের মধ্যে এই হামলা শুরু হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Nov 2006, 04:14 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

জাতীয় নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেন্টারের এক মুখপাত্র জানান, তামিল টাইগারদের দু’টি লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হয় শুক্রবার সকালে। একটি বাট্টিকালোয়া জেলায় টাইগারদের প্রশিক্ষণ শিবির ও অপরটি মান্নারে নৌ-টাইগারদের একটি ঘাঁটি।

এ ব্যাপারে তাৎক্ষনিকভাবে মন্তব্য করার জন্য টাইগারদের কাউকে পাওয়া যায়নি। এছাড়া হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষনিকভাবে তাও জানা যায়নি।

কূটনীতিক ও বিশ্লেষকরা আশংকা করছেন, বর্তমানের এই সহিংসতা পুরোদস্তুর লড়াইয়ে রুপ নিতে পারে।

শান্তি আলোচনা ভেঙ্গে যাওয়ার পর এই বিমান হামলা ছাড়াও উভয় পক্ষ মর্টার, কামান নিয়ে লড়াইয়ে লিপ্ত রয়েছে পাঁচদিন ধরে। জেনেভায় আট মাস পর উভয় পক্ষ প্রথমবারের মতো শান্তি আলোচনায় বসলেও কোন মতৈক্য ছাড়াই তা শেষ হয়। এমন কি, আবারো আলোচনায় বসার ব্যাপারেও একমত হতে পারেনি।

দেশের উত্তর ও দক্ষিণের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রধান মহাসড়ক এ-৯ সরকার খুলে দিতে রাজি না হওয়ায় জেনেভা আলোচনা ভেঙ্গে যায়। সরকার মহাসড়কটি দিয়ে চলাচল বন্ধ করে দেয় আগষ্টে। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার ভেতর দিয়ে একেবারে উত্তরে সেনা বাহিনী নিয়ন্ত্রিত জাফনা উপদ্বীপ পর্যন্ত চলে গেছে মহাসড়কটি।

এটি বন্ধ করে দেয়ার কারণ হিসেবে সরকার বলছে, টাইগারদের গোলাবর্ষনের কারণে মহাসড়কটি দিয়ে চলাচল করা নিরাপদ নয়। এছাড়া মহাসড়কটি দিয়ে টাইগাররা গোলাবরুদ আনা-নেয়া করে থাকে। রাস্তা ব্যবহারকারী যানবাহনের লোকজনের কাছ থেকে চাঁদাও তুলে থাকে তারা। এরই মধ্যে সরকার জানিয়ে দিয়েছে, বিদ্রোহীরা সহিংসতা বন্ধ না করা পর্যন্ত মহাসড়কটি খুলে দেয়া হবে না।