২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছেদ হলো উইদারস্পুন-ফিলিপ্পের

অস্কার বিজয়ী অভিনেত্রী রিজ উইদারস্পুন ও তার অভিনেতা স্বামী রায়ান ফিলিপ্পে সাত বছরের বিবাহিত জীবনের সমাপ্তি টেনেছেন। সোমবার রিজ এবং ফিলিপ্পের নিজস্ব মুখপাত্র এ তথ্য জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 03:25 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বেশ কিছুদিন ধরেই রিজ (৩০) ও ফিলিপ্পের (৩২) মধ্যে অমিল ও মানসিক দূরত্বের খবর শোনা যাচ্ছিল। অবশেষে বিচ্ছেদের পথই বেছে নিলেন তারা।

বিচ্ছেদ হয়ে গেলেও সাত বছরের মেয়ে আভা ও তিন বছরের ছেলে ডেকনের প্রতি তারা তাদের দায়িত্ব পালন করে যাবেন বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন রিজ এবং রায়ানের নিজস্ব মুখপাত্র।

উইদারস্পুন ‘ওয়াক দি লাইন’ ছবির জন্য এ বছর অস্কার পুরস্কার পান। আর ফিলিপ্পে বর্তমানে ক্লিন্ট ইস্টউডের ‘ফ্ল্যাগস অব আওয়ার ফাদারস’ ছবিতে অভিনয় করছেন।

১৯৯৯ সালে ‘ক্রুয়েল ইনটেনশনস’ ছবিতে দুজন একসাথে কাজ করেন। তারপর যথারীতি প্রেম ও ওই বছর জুনে পরিণয়। অবশ্য এর অনেক আগেই ২১তম জন্মদিনে রায়ান ফিলিপ্পের সাথে পরিচয় হয় উইদারস্পুনের।

২০০১ সালে কমেডি ধাঁচের ছবি ‘লিগালি ব্লন্ডি’ বক্স অফিস হিট করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তার অভিনীত ছবি ‘সুইট হোম আলাবামা’ও দারুণ হিট হয়েছিল।