রোমের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে রাশিয়ার ছবি
শেক্সপিয়ারের হ্যামলেট অবলম্বনে রাশিয়ার একটি আধুনিক চলচ্চিত্র রোমের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। শনিবার এ রায় ঘোষণা করা হয়।
ইতালির পরিচালক এত্তরে স্কোলার নেতৃত্বে ৫০ জন সাধারণ দর্শকের নিয়ে গঠিত একটি জুড়ি বোর্ড ‘প্লেয়িং দি ভিকটিম’ নামে ওই ছবিটিকে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ঘোষণা করে। এটি পরিচালনা করেন রাশিয়ার বিখ্যাত থিয়েটার পরিচালক কিরিল সেরেব্রেনিকভ।
ছবির কাহিনী গড়ে উঠেছে বাবার মৃত্যু রহস্য উদঘাটনকারী এক কিশোরকে কেন্দ্র করে।
উৎসবে ব্রিটিশ পরিচালক শেন মিডোর ‘দিস ইজ ইংল্যান্ড’ ছবিটি বিশেষ পুরস্কার পায়। এই ছবির কাহিনী বার বছরের একটি বালককে নিয়ে।
নতুন প্রজন্মের মধ্যে যে হতাশা ও নিরাসক্তি কাজ করে তাই উভয় ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কোলা বলেন,‘ছবি দুটির কোনটিই বাণিজ্যিক ছবি না হলেও এরা প্রচুর দর্শক টানতে পারবে বলে আমি আশা করি।’
পরিচালক সেরেব্রেনিকভ তার ছবি সম্পর্কে বলেন,‘আমি এটি তৈরি করেছি প্রেসনিয়াকভ ভাইদের লেখা একটি নাটক থেকে। এই নাটক থেকে পরে ‘ফর রাশিয়া অ্যান্ড ফর রাশিয়ান’ নামে একটি ছবি নির্মিত হয়। আমি এখনও বিশ্বাস করি চলচ্চিত্র মানুষের চিন্তাধারায় ও তার অনুভূতিতে পরিবর্তন আনতে পারে। বর্তমানে রাশিয়ার জনগণের মনে যেসব অনুভূতি-- সন্ত্রাস, আশা, নিরাপত্তাহীনতা-- বিরাজ করছে আমার ছবিতে সেটাই শৈল্পিকভাবে ফুটে উঠেছে।’
অন্যদিকে মিডো তার নিজের কৈশোরকালীন অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ছবিটি নির্মাণ করেছেন। ছবিটির প্রধান চরিত্র শনের মতো তার কৈশোর কাটে নানা ধরনের সমস্যায়। মিডোকে ¯ু‹ল থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়।
বিশেষ পুরস্কারের জন্য জুরি বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,‘ছবির প্রধান চরিত্রে রূপদানকারী কিশোরটি এক বছর আগে ব্যক্তিগত জীবনে এক নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। তার সামনে কোনো পথও খোলা ছিল না। আর ঠিক এক বছর পর এ পুরস্কার তার জীবনধারাকেই পাল্টে দিতে পারে।’
এছাড়া ’লারিয়া সালাতা’ ছবিতে অভিনয়ের জন্য ইতালির জিওরজিও কোলানগেলি শ্রেষ্ঠ অভিনেতা এবং ফ্রান্সের আরিয়ানে আসকারাইদ ’আরমেনিয়া’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান।
নয়দিনের ওই উৎসবে ১৬টি চলচ্চিত্র অংশ নিয়েছিল। এগুলোর অধিকাংশই ছিল নতুন পরিচালকদের তৈরি।
