২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া ও জর্জিয়াকে বিরোধ মেটাতে বলেছেন রাইস

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজা রাইস নিজেদের মধ্যকার বিরোধ মিটিয়ে ফেলতে রাশিয়া ও জর্জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 04:27 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

শনিবার চীন সফর শেষে রাশিয়া যাওয়ার পথে রাইস তার সফরসঙ্গী সাংবাদিকদের একথা বলেন।

জর্জিয়ার দুই বিচ্ছিন্নতাকামী অঞ্চলে গৃহীত আগ্রাসী পদক্ষেপ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও তিনি আশংকা ট্রকাশ করেন।

রাইস বলেন,‘উত্তেজনা নিরসনে সম্ভাব্য সবকিছু করার জন্য আমরা জর্জিয়া ও রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি।’  

রাইস বর্তমানে একদিনের সফরে রাশিয়ায় অবস্থান করছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ­াদিমির পুটিনের সাথে বৈঠক করবেন।

রাইস জর্জিয়ার দুই বিচ্ছিন্নতাকামী অঞ্চল আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া নিয়ে দুই দেশের মধ্যকার ‘ঠাণ্ডা লড়াই’ এর প্রতি ইঙ্গিত করে বলেন, তিনি তিবলিসি ও মস্কোর মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।   

তিনি বলেন,‘আমি মনে করি আমরা উভয় পক্ষকে এ ব্যাপারে পরিষ্কার ধারণা দিতে পেরেছে যে মাথা ঠাণ্ডা রেখে কাজ করা দরকার।’

এর আগে পুটিন শুক্রবার ফিনল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে অভিযোগ করেন, ওই দুই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সামরিক শক্তি ব্যবহারের চিন্তা করে জর্জিয়া রক্তপাতের ঝুঁকি নিচ্ছে।

এ প্রসঙ্গে রাইস বলেন,‘মস্কোর আচরণ নমনীয় হতে হবে। আমি এটা বিশেষভাবে বলতে চাই যে এমন কিছু বলা উচিত না যা ওই দুই অঞ্চলে সামরিক হস্তক্ষেপের মতো আগ্রাসী পদক্ষেপ নেওয়ায় উৎসাহ যোগাতে পারে। এতে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমি এ সমস্যা নিয়ে রাশিয়ার সাথে আলোচনা করবো।’

উল্লেখ্য, জর্জিয়া গত মাসে গুপ্তচর সন্দেহে চার রুশ সামরিক কর্মকর্তাকে আটক করার পর দুই দেশের মধ্যকার সম্পর্কে টানাপড়েন শুরু হয়। আন্তর্জাতিক মধ্যস্থতায় জর্জিয়া পরে ওই চারজনকে ছেড়ে দিলেও রাশিয়া দেশটির সাথে আকাশ ও সমুদ্র পথে যোগাযোগ এবং ডাক যোগাযোগ বন্ধ করে দেয়। রাশিয়ায় অবৈধভাবে অবস্থানরত জর্জিয়ার কয়েকশ নাগরিককেও বহিষ্কার করা হয়।