উত্তর কোরিয়ায় ক্ষুদ্রঋণ কার্যক্রম চালু করতে চান ড. ইউনূস
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অপেক্ষাকৃত দরিদ্র দেশ উত্তর কোরিয়ার দরিদ্রদের সহায়তায় সেখানে একটি ব্যাংক স্থাপনে আগ্রহ ব্যক্ত করেছেন। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করা সম্ভব বলে তিনি জোরারোপ করেন।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফরকালে শুক্রবার তিনি একথা বলেন।
সিউল শান্তি পুরস্কার গ্রহণ উপলক্ষে ড. ইউনূস বর্তমানে সিউল সফর করছেন।
বাংলাদেশের অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সবচেয়ে দরিদ্র লোকদের ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কাজ করার জন্য গত ১৩ অক্টোবর নোবেল পুরস্কার লাভ করেন। তার এ ক্ষুদ্রঋণ কার্যক্রম উত্তর কোরিয়ার মতো সমাজতান্ত্রিক দেশেও কার্যকর হতে পারে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ‘তারা ক্ষুদ্রঋণ ব্যবস্থা চাইলে আমি সেখানে একটি ব্যাংকিং ব্যবস্থা চালু করব। নেতৃত্বই একটি জাতির সবকিছু নয়।’
তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হলেও তিনি তা গ্রহণ করেননি। উত্তর কোরিয়া বিশ্ব দারিদ্র্য সূচকের দিক থেকে সর্বনিু অবস্থানে রয়েছে। সমাজতান্ত্রিক দেশ চীন ও কিউবা ক্ষুদ্রঋণের ব্যাপারে ড. ইউনূসের সহযোগিতা চেয়েছে।
ড. ইউনূস বলেন, ‘বেইজিং যদি এটিকে একটি রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে নিতে পারে এবং তারা চীনের কমিউনিস্ট পার্টির দাপ্তরিক নীতি হিসেবে এটিকে অনুমোদন দিতে পারে, তবে উত্তর কোরিয়ার ক্ষেত্রে আমি তো কোনও সমস্যা দেখছি না।’
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শুক্রবার নোবেল বিজয়ী ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদানের ঘোষণা দিয়েছে।
নতুন ধরনের ব্যাংক
ড. ইউনূস (৬৬) দরিদ্রদের ঋণ সহায়তা দেওয়ার জন্য ১৯৭৬ সালে বাংলাদেশে নতুন ধরনের একটি ব্যাংক ব্যবস্থা প্রবর্তন করেন। এ ব্যবস্থার মাধ্যমে বিশেষ করে দরিদ্র নারীরা কোনও ধরনের জামানত ছাড়াই ছোট ব্যবসা শুরু করার ব্যাপারে সক্ষম হয়ে ওঠে।
ড. ইউনূস তার এ ব্যবস্থা সম্পর্কে বলেন, যে নারী পাঁচটি মুরগির ডিম বিক্রি করেন তিনি এ ঋণ সহায়তার মাধ্যমে ৫০ টি মুরগি কিনে নিজের পরিবারকে সমৃদ্ধ করতে পারবেন।
গ্রামীণ ব্যাংক জানিয়েছে, তারা দেশের ৬০ লাখ ৬০ হাজার লোককে এ পর্যন্ত ৬০০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে এবং এ ঋণ আদায়ের পরিমাণ ৯৯ শতাংশ।
ড. ইউনূস বলেছেন, ‘দারিদ্র্য, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা, ধ্বংসাত্মক প্রবণতার জন্ম দেয় যা থেকে সন্ত্রাসবাদের জন্ম হতে পারে।’
তিনি শান্তির পথে দারিদ্র্যকে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ক্ষুদ্রঋণ আন্দোলন দুর্বল মনের লোকদের জন্য নয় এবং যারা জামানত, ঝুঁকি এবং আইনি বাধ্যবাধকতা নিয়ে চিন্তিত সেসব প্রচলিত ব্যাংকারদের জন্যও নয়।
তিনি বলেন, ‘তারা মরণকে ভয় পাবে। তাহলে তুমি কীভাবে তাদের টাকা ধার দেবে? ৫০ ডলার দেওয়ার আগে তারা নির্ঘুম রাত কাটাবে।’
আরও অধিক লোককে ক্ষুদ্রঋণের ব্যাপারে আগ্রহী করে তুলতে ইউনূস নোবেল পুরস্কারকে ব্যবহার করতে চান। ক্ষুদ্রঋণ ব্যবস্থা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উগান্ডা পর্যন্ত বিশ্বের ১০০ টি দেশ অনুসরণ করছে।
গরিবের ব্যাংকার হিসেবে পরিচিত ড. ইউনূস বলেন, ‘আমার জন্য সে দরজা সম্পূর্ণ খুলে গেছে।’
তিনি জানান, বিদেশি সহায়তা নিয়ে যেসব বড় বড় অবকাঠামো প্রকল্প নির্মিত হয় সেগুলোর মালিকানা সরকারের পরিবর্তে দরিদ্রদের দেওয়া হচ্ছে এটাই তিনি দেখতে চান। প্রকল্পগুলো পরিচালিত হবে পেশাদার ব্যবস্থাপকদের দিয়ে এবং দরিদ্ররা হবেন তার অংশীদার। যারা দেখবেন কিভাবে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে বেশি মুনাফা লাভ করা যায়। তিনি বলেন, ক্ষুদ্রঋণের মাহাত্ম্যই হচ্ছে এটা সাধ্যাতীত নয়।
ড. ইউনূস ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে øাতকোত্তর ডিগ্রি লাভের পর ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
